বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা ও তার দোসরদের ক্ষমা নেই। অবশ্যই এদের ধরে এনে প্রচলিত আইনে বিচার করা হবে।’
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া কলেজ মাঠে বিএনপি সদর উপজেলা শাখার উদ্যোগে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার শেষ সময়ের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশ থেকে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও তিনি চেয়েছিলেন গণভবনের দিকে ধেয়ে আসা লাখ লাখ মানুষকে গুলি করে সেনাবাহিনী হত্যা করে স্তব্ধ করে দিক। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই হুকুম তামিল করতে অস্বীকার করে।’
তিনি বলেন, ‘হাসিনা সরকার আন্দোলনে হেরে হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করছে। আমাকেও অনেক বিদেশি মিডিয়া ফোন করে জানতে চাইছে, তোমরা কি দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন করছো? আমাদের জবাব পরিষ্কার, এ দেশে রাজনৈতিক পটপরিবর্তনজনিত একটা টার্মওয়েল (টালমাটাল) হয়েছে। এটা সাম্প্রদায়িক দাঙ্গা নয়। বাংলাদেশে হাজার বছর হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ একটি গাছে নানা রঙের ফুলের মতো একত্রে গেঁথে রয়েছি।’
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনাদের কথা দিতে হবে সব সম্প্রদায়কে নিয়ে আপনারা মিলেমিশে থাকবেন। হিন্দু ভাইদের বাড়িঘর-মন্দির-ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করবেন। যদি কেউ এর অন্যথা ঘটায়, তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করুন।’
গড়েয়া ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপি নেতা পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, আব্দুল হামিদ, যুবদল সভাপতি চৌধুরী আবু নুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।









