বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা স্বাধীনতার ঠিকাদার সেজে চেতনার নামে জাতিকে ঘুম পাড়িয়ে রেখে সব লুটেপুটে নিজেদের হৃষ্টপুষ্ট করেছে। কিন্তু আওয়ামী লীগের চেতনাবাজি নতুন প্রজন্মের কাছে ধরা পড়ায় শুধু পতনই হয়নি, দেশ থেকে বিতাড়িত হয়েছে।’
তিনি বলেন, ‘দেশকে আমরা একটি সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা এমন একটা দেশ গড়তে চাই, যে দেশে কোনও বৈষম্য থাকবে না। কোনও চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ থাকবে না। সব ধর্মবর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। এর মাধ্যমে একটি কল্যাণমুখী দেশ হবে।’
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা ও শহর জামায়াত আয়োজিত পথসভায় উপজেলার আমির হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাজহারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, নীলফামারী জেলা আমির আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু প্রমুখ।









