বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তার নেতৃত্বেই মানুষ সকল অশুভ তৎপরতা রুখতে বদ্ধ পরিকর। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নীলফামারীর ডোমার উপজেলায় ৭১-এর স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্বরণে ডোমার উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘হৃদয়ে স্বাধীনতা’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, একসময় মঙ্গাপিড়ীত নীলফামারী জেলা আজ সম্পূর্ণ মঙ্গামুক্ত। শেখ হাসিনার কল্যাণে আজ এ অঞ্চল শিল্পায়নের মুখ দেখছে।
আসাদুজ্জামান নূর আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-বিএনপি ধর্মের নামে, রাজনীতির নামে সন্ত্রাসের জন্ম দিচ্ছে, মানুষ হত্যা করছে। বাংলাদেশকে একটি অরাজক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ আজ শেখ হাসিনার নেতৃত্বে সকল অশুভ চক্রান্ত ব্যর্থ করে এগিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সাবিহা সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহ-সভাপতি আমিনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরন নবী, বিটিভির সাবেক শিল্প নির্দেশক জিএমএ রাজ্জাক, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডিমলা উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু প্রমুখ।
এর আগে বেলা ৩টায় মন্ত্রী নীলফামারী পৌরসভার ২১টি সড়কের প্রায় ২৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
/এআর/এএইচ/








