দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটের চারটি কোল মিলের মধ্যে দুটি ভেঙে যায়। এতে ইউনিটটি বন্ধ হয়ে যায়। কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। চালু থাকা একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলো।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘প্রথম ইউনিটের চারটি কোলমিলের মধ্যে দুটি ভেঙে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে। পাথরমিশ্রিত কয়লার কারণে এ ঘটনা ঘটতে পারে। ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই ইউনিটটি চালু হবে এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করছি আমরা।’
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, কেন্দ্রের তিনটি ইউনিট রয়েছে। মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট। তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট। এর মধ্যে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ।
বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে চালু হবে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট। দ্বিতীয় ইউনিটটি চালু করতে চীনা কোম্পানির সঙ্গে বিদ্যুৎ মন্ত্রণালয়ের আলোচনা চলছে। এই ইউনিট চালু করার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় ইউনিট চালুর ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসবে।









