নিহত এক জঙ্গি এখনো অজ্ঞাত

বগুড়ায় গ্রেনেড বিস্ফোরণ মামলার অগ্রগতি নেই

বগুড়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ১৭:২৫আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৭:৩২

বগুড়ায় গ্রেনেড বিস্ফোরণ বগুড়ার শেরপুরে জেএমবির আস্তানায় গ্রেনেড বিস্ফোরণ ও দুই জঙ্গি নিহতের ঘটনায় দায়ের হওয়া তিন মামলার কোনও অগ্রগতি নেই। এক জঙ্গির লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেলেও মর্গে থাকা অপরজনের পরিচয় মেলেনি এখনো। তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানও গণমাধ্যমকে এড়িয়ে চলছেন বলে অভিযোগ উঠেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ও শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, এখন পর্যন্ত নতুন কোনও তথ্য পাওয়া যায়নি। তরিকুলের লাশ হস্তান্তর করা হলেও অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। ভাড়াটিয়া মিজানকে পাওয়া গেলে সব রহস্য উদঘাটন হবে।
কর্মকর্তারা আরও জানান, এ ঘটনায় তিনটি মামলা দায়ের হলেও তাতে কোনও অগ্রগতি নেই। নিহত এক জঙ্গির পরিচয় উদঘাটনে দেশের সব থানায় বার্তা দেওয়া হয়েছে। স্বজনরা কেউ না এলে শিগগিরই জঙ্গির লাশ দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, গত ৩ এপ্রিল রবিবার রাতে বগুড়ার শেরপুরের জুয়ানপুর কুঠিরভিটা গ্রামের একটি ভাড়া বাড়িতে গ্রেনেড বানানোর সময় বিস্ফোরণে জঙ্গি সংগঠন জেএমবির সদস্য তরিকুল ইসলামসহ দুজন নিহত হন। পরদিন সকালে কাউন্টার টেরিজম ট্রান্স ন্যাশনাল ডিভিশন ওই বাড়ি থেকে ২০টি তাজা গ্রেনেড, কমপক্ষে ৩০০ গ্রেনেড তৈরির কাঁচামাল এবং ৭.৬৫ ক্যালিবারের ৪টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৪০ রাউন্ড গুলি, একটি পাসপোর্ট, একটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, জনতা ব্যাংকের কয়েকটি চেক বই ও দলিলসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করেন।

এ ঘটনায় শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে নিহত দুই জঙ্গি ও বাড়ির কথিত ভাড়াটিয়া মিজানের নামে তিনটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অজ্ঞাত অনেককে রাখা হয়। উদ্ধার করা পাসপোর্টের সূত্রে পুলিশ নিশ্চিত হয়, নিহত দুই জঙ্গির একজন সিরাজগঞ্জ সদরের জামুয়া গ্রামের মাওলানা আবু বক্কর সিদ্দিকের ছেলে তরিকুল ইসলাম।

বগুড়া পুলিশ লাশ শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তরিকুলের তিন ভাই ইসলামী ব্যাংক সিরাজগঞ্জের উল্লাপাড়া শাখার অফিসার সানাউল্লাহ, জামুয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী ও বরকত উল্লাহ এবং বোন শাকেরা খাতুনকে গত ৪ এপ্রিল বগুড়ায় নিয়ে আসেন। প্রথমে তারা অস্বীকার করলেও পরে তরিকুলের লাশ শনাক্ত করে তরিকুলের লাশ বাড়িতে নিয়ে যান।

পুলিশ কর্মকর্তারা ওইদিন দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করে কোনও তথ্য পাননি। তারা শুধু জানায়, তরিকুল ইসলাম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। সে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার সময় সিরাজগঞ্জ আদালত চত্বরে বোমা হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিল। গত কোরবানির ঈদের পর থেকে পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।

পুলিশের সূত্র জানায়, জেএমবি সদস্য তরিকুল ইসলাম গত ২০০৩ সালের ২০ জানুয়ারি জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রামে পীরের আস্তানায় পাঁচ খুনের সঙ্গেও জড়িত ছিল। আর বাড়ির ভাড়াটিয়া মিজান প্রায় ৭ মাস আগে মাহবুবুর রহমানের বাসা ভাড়া নেন। মিজান, তার স্ত্রী শাপলা ও মাদ্রাসা পড়ুয়া মেয়ে প্রতিবেশীদের সঙ্গে মিশতো না। গত ১ এপ্রিল নওগাঁ যাবার কথা বলে স্ত্রী-কন্যাকে নিয়ে বাড়ি থেকে চলে যান মিজান। ওইদিন তাদের কথিত ভগ্নিপতি তরিকুল ইসলাম বাড়িতে ছিলেন, পরে অজ্ঞাত অপরজন আসেন। ৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণ হলে দুজনই গুরুতর জখম হন। পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা মারা যান।

/এমও/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান