রংপুরে আরেকজনের হয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে ইকবাল হাসান রাকিব নামে এক ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছেন। এ ঘটনায় সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টায় নগরীর মডেল মসজিদের নিচতলায় বিআরটিএ পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান।
এতে ভুয়া পরীক্ষার্থী রাকিবকে আরেকজনের পরীক্ষা দেওয়ার অপরাধে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড এবং সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় সন্দেহ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান ভুয়া পরীক্ষার্থী পীরগাছা কদমতলা এলাকার বাসিন্দা ইকবাল হাসান রাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। এক পর্যায়ে রাকিব সুযোগ বুঝে বিআরটিএর অফিস সহায়ক মাসুমা আক্তারকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
পরে রাকিবসহ মূল পরীক্ষার্থী পীরগাছা দেউতি নাগদাহ এলাকার আব্দুল করিমের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হয়। বিষয়টি জেনে আব্দুল করিম ও রাকিব বিআরটিএ পরীক্ষা কেন্দ্রে এসে ভ্রাম্যমাণ আদালতের কাছে আত্মসমর্পণ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সে প্রক্সি পরীক্ষা দেওয়া চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।









