রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চারজনকে হত্যার ঘটনায় এখনো কোনও ক্লু বের করতে না পারাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘হত্যাকাণ্ড কেন হলো, সেই ধোঁয়াশা এখনো কাটছে না। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা ভিন্ন ভিন্ন কথা বলছেন। আবার গণমাধ্যমে আরেক ধরনের কথা দেখতে পাচ্ছি। তাহলে সভ্য সমাজে আমাদের নিরাপত্তা কোথায়?’
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রংপুরের চার হত্যাকাণ্ডকে ‘অমানবিক, বর্বর, পৈশাচিক ও ঘৃণ্য’ হত্যাকাণ্ড আখ্যায়িত করে গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের উদ্বেগের কারণ হলো, একটি শিক্ষিত পরিবারের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুশকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপরও প্রশাসন ও সরকারের গোয়েন্দা বিভাগ, যাদের পেছনে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, তারা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।’
তিনি প্রশ্ন করেন, ‘আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার যাদের দায়িত্ব, তারা কী করছেন?’
চার হত্যার ঘটনায় পুলিশ যে দুজনকে গ্রেফতার করেছে, তাদের বিষয়ে এখন পর্যন্ত জাতিকে জানানোর মতো কোনও তথ্য উদঘাটন করা সম্ভব হয়েছে বলে মনে হয় না বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
নিহতদের পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা ও গভীর শোক প্রকাশ করে গোলাম পরওয়ার অবিলম্বে হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করার দাবি জানান।
এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরেও লং মার্চ কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।









