সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।
সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাতকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটিতে কোম্পানীগঞ্জ সার্কেল এএসপি মতিয়ার রহমানকে রাখা হয়েছে । তারা সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।’
এদিকে জেলা প্রশাসনের কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোহাম্মদ আব্দুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি মো. আশরাফুল আলমকে রাখা হয়েছে। এই তদন্ত কমিটিকেও সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন এডিসি রেভিনিউ মোহাম্মদ আব্দুল্লাহ।








