সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার সকাল ৭টা থেকে এ রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিপাকে পড়েছে ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীরা।
সোমবার সকাল থেকে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুরসহ আন্তঃজেলার চার শতাধিক বাস চলাচল বন্ধ রয়েছে। তবে লেগুনা, সিএনজি ও মাইক্রোবাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক নেতারা জানান, আজ থেকে বিআরটিসির চারটি বাস এক ঘণ্টা পর পর সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে চলাচল করবে। বিআরটিসির এ সিদ্ধান্তের প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষতির মুখে পড়বে। এছাড়া জেলার পরিবহন সেক্টরে নৈরাজ্য দেখা দেবে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মিসবাহ উদ্দিন বলেন, ‘আকস্মিকভাবে সিলেট সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, সোমবার বেলা ১১টার দিকে পরিকল্পনামন্ত্রীর সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিআরটিসির চারটি উন্নতমানের বাস সার্ভিস উদ্বোধন করার কথা রয়েছে। এ রুটের বাসযাত্রীদের উন্নতমানের সেবা দেওয়ার জন্য এগুলো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।








