মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৃথক স্থান থেকে অজ্ঞাত নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) লাশগুলো উদ্ধার করা হয়। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর গ্রামের মৃত রমনি দাসের ছেলে কৃষক রনজিত দাস (৫০) এবং তালিমপুর ইউনিয়নের সরুয়ামাঝি গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশাচালক আলী আছকর (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলী আছকরের লাশ শনিবার সকালে নিজ ঘরের পাশের একটি আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এদিকে, দুপুরের দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর এলাকায় নদীর পাড়ের একটি বরুণ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কৃষক রনজিত দাসের লাশ। রাত ২টার দিকে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেননি।
অপরদিকে, দুপুরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকার মাধবছড়া খালের পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মো. জসীম উদ্দিন বলেন, ‘লাশ তিনটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’







