সাইবার ক্রাইমের মামলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে (২৮) গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, উজ্জ্বলের বিরুদ্ধে ঢাকা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এই মামলা ছাড়াও আরও তিনটি ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে। এতদিন সে আত্মগোপনে ছিল। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, উজ্জ্বলকে গ্রেফতারের প্রতিবাদে কয়েকজন লোক মহাসড়কে অবরোধের চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করে।
উজ্জ্বল মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর গ্রামের জজ মিয়া পাঠানের ছেলে।








