সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নাজিম আহমদ নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জুয়েল আহমদ (২৪) নামে আরেক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম আহমদ (১৯) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নগরীর দরগাহ মহল্লায় ভাড়া বাসায় থেকে হোটেলে শ্রমিকের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদ বলেন, হত্যার ঘটনায় জুয়েল আহমদ নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদদ করা হচ্ছে। সে নগরীর মুন্সিপাড়ার বাসিন্দা।
ওসি বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে নাজিমের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজিমকে ছুরিকাঘাত করে জুয়েল। এতে ঘটনাস্থলেই নাজিমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হবে। সেই সঙ্গে অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








