সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ সব আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।
তবে রাষ্ট্রপক্ষ চার্জ গঠনের বিষয়ে প্রস্তুত না থাকার বিষয়টি আদালতকে জানালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম তা আমলে নিয়ে আগামী ১৮ এপ্রিল চার্জ গঠনের দিন নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করে রায়হানের আইনজীবী ব্যারিস্টার ফজল চৌধুরী জানান, আদালতে রায়হান হত্যা মামলার সব আসামি উপস্থিত থাকলেও রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় আগামী ১৮ এপ্রিল চার্জ গঠনের নতুন দিন নির্ধারণ করেন আদালত।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে রায়হানকে সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে পুলিশ ধরে এনে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালায়। এতে তিনি মারা যান। এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
এই হত্যা মামলায় পিবিআই গত বছরের ৫ মে প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্ত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।
চলতি বছরের ৮ মার্চ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচার আবদুল মোমেনের আদালতে আলোচিত মামলাটি উপস্থাপন করা হয়। সেদিন বিচারক মামলার বিচার কাজ পরিচালনার জন্য সিলেটের মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।








