সিলেটের কাজিরাবাজারে পিকআপ ভ্যানভর্তি মাধ্যমিকের বই উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক দুই জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
শনিবার (৩০ জুলােই) রাতে সিলেটের কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে পাঁচ হাজার ৬০০টি বই চুরির অভিযোগে মামলা করেন। মামলায় দুই জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের নৈশপ্রহরী শাহাব উদ্দিন ও বই বিক্রেতা আনোয়ার মিয়া।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, শনিবার মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পিকআপ ভর্তি বই গোয়াইনঘাট থেকে চুরি করে কাজিরবাজারে ভাঙাড়ির দোকানে বিক্রির খবর পাওয়া যায়। অভিযান চালিয়ে সরকারি বইগুলো জব্দ এবং শাহাব উদ্দিন ও আনোয়ারকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার শ্যামল কুমার রায় জানান, শনিবার সকালে বই উদ্ধারের খবর পেয়ে তিনি প্রতিষ্ঠানের গোডাউনে গিয়ে নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করেন। তখন বই বিক্রি করার কথার প্রথমে অস্বীকার করলে পরে স্বীকার করেন। বন্যার পানিতে ভিজে যাওয়া কিছু বই তিনি বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কার্যালয় থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।









