কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এর দুই ঘণ্টা পরে কার্যালয়ের মূল ফটকে আগুন ধরিয়ে দেন একদল তরুণ। ওই সময় দলটির কোনও নেতাকর্মী সেখানে ছিলেন না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের টাউন হল সড়ক এলাকায় ওই কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়টির সামনে সদর ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে জড়ো হন। তারা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং স্লোগান দেন। এরপর প্রায় ১০ মিনিট পর সেখান থেকে চলে যান তারা। বেলা ২টার দিকে একদল তরুণ ওই কার্যালয়ে যান। তারা মূল ফটকে আগুন দেন। তবে এতে তেমন ক্ষতি হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, তারা চলে আসার পর শুনতে পান, কে বা কারা অফিসটিতে আগুন দিয়েছে। পরে আগুন নিজে থেকেই নিভে যায়।
এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টিতে কয়েক দফা আগুন দিয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।








