কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’

সিলেট প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ১৮:৪৩আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৮:৪৩

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতার’ ব্যানারে একদল লোক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির পাশাপাশি সভা করে এ দাবি জানিয়েছেন তারা।

প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নে লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে দীর্ঘদিন ধরে নৌকাবাইচ হয়ে আসছে। এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৮ আগস্ট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা।

চলতি বছর নৌকাবাইচের বিষয়টি প্রচার হওয়ার পরপরই এক সপ্তাহ ধরে ‘লাউতা ইউনিয়ন তৌহিদি জনতা’-এর ব্যানারে কিছু ব্যক্তি প্রতিযোগিতাটি বাতিলের দাবি জানিয়ে ফেসবুকে প্রচার চালাচ্ছেন। পাশাপাশি একই ব্যানারে গত বৃহস্পতিবার স্থানীয় বারইগ্রাম বাজার মসজিদে একটি সভা করেও এ দাবি জানিয়েছেন তারা।

এরই মধ্যে নৌকাবাইচ আয়োজন ঘিরে মুখোমুখি অবস্থান নিয়েছে স্থানীয় দুই পক্ষ। একদিকে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে সাধারণ মানুষের একটি পক্ষ, অপরদিকে ‘তৌহিদি জনতার’ ব্যানারে একটি পক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে দুই পক্ষের আলোচনা-সমালোচনা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নৌকাবাইচের আয়োজন দেখতে প্রতি বছরই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের লোকজন আসেন। এ আয়োজন ধরে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন লাউতা ও বাহাদুর গ্রামের স্থানীয় যুবকরা। এ নিয়ে প্রচারণাও চালান তারা। এর মধ্যে গত বৃহস্পতিবার স্থানীয় বারিগ্রাম বাজার মসজিদে তৌহিদি জনতার ব্যানারে সভা করে নৌকাবাইচ বন্ধের দাবি তোলে একটি পক্ষ। অতীতে কেউ বাধা দেয়নি। এবারই প্রথম বাধার মুখে পড়েছেন তারা। বিরোধিতার কারণে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়েছে।

এ বিষয়ে লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর ইউএনও দুই পক্ষকে নিয়ে শনিবার বিকাল ৫টায় তার কার্যালয়ে যেতে বলেছেন। উভয় পক্ষকে নিয়ে আমরা সেখানে যাচ্ছি। নিশ্চয়ই আলোচনার ভিত্তিতে বিষয়টির সমাধান হবে।’

লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন বলেন, ‘নৌকাবাইচ নিয়ে পরিস্থিতি যাতে উত্তেজনাকর না হয়, সেজন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।’

এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘বিষয়টা যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এ রকম নয়। এটা বড় কোনও বিষয় নয়। এখানে ঐতিহ্যগতভাবেই দীর্ঘদিন ধরে নৌকাবাইচ হয়ে আসছে। সম্প্রতি এক হুজুর এটা নিয়ে বক্তব্য দিয়েছেন। বলেছেন, গ্রামীণ এ আয়োজনে প্রায়ই মারামারি হয়। তাই এই নৌকাবাইচ না করার দাবি তুলেছেন তিনি।’

ইউএনও বলেন, ‘নৌকাবাইচ বন্ধের দাবির বিষয়টি জানার পর খোঁজ নিয়েছি। প্রতি বছর সেখানে নৌকাবাইচ হয়ে আসছে। তবে এবার একটি পক্ষ এটি না করার দাবি জানিয়েছে। তাদের যুক্তি, গত বছর নৌকাবাইচকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ড ঘটেছিল। এ কারণে এবার নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ওই পক্ষ। এজন্য উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের জন্য স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে অনুমতি নিয়েই আয়োজকদের নৌকাবাইচ করতে হবে। তাই এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে নাকি হবে না, সেটা আমরাও বিবেচনা করে দেখবো। আয়োজকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে এবং প্রয়োজনীয় অনুমতি নিয়ে আয়োজন করলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে এখন পর্যন্ত আয়োজকরা প্রশাসনকে কিছু জানাননি।’

আয়োজক সূত্রে জানা গেছে, নৌকাবাইচ প্রতিযোগিতাটি সোনাই নদীর তৃগাংগারমুখ এলাকায় অনুষ্ঠিত হয়। এটি সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মধ্যে অবস্থিত। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী শুক্রবার দুপুর ১২টার মধ্যে নৌকা নাম নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি বড় আকারের গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ছাগল উপহার দেওয়া হবে।

১৫ থেকে ২০ বছর ধরে সোনাই নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘মুষ্ঠিমেয় কিছু ব্যক্তি আয়োজনের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন। তবে লাউতা ইউনিয়নের মুরব্বিরা দুই পক্ষকে নিয়ে শনিবার বিকালে বৈঠক করবেন। সবাই নৌকা বাইচ আয়োজনের পক্ষে আছেন। যথাসময়ে নৌকা বাইচ হবে, এমনটাই আশা করছি।’

কেন নৌকাবাইচ বন্ধ চায় তৌহিদি জনতা

 গত বছর নৌকাবাইচকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মারামারি ও হত্যাকাণ্ডের মতো অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। এসব সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পুনরাবৃত্তি এড়াতে তারা প্রতিযোগিতাটি বাতিল চাচ্ছে

এদিকে, নৌকাবাইচ বন্ধের দাবিতে বারইগ্রাম বাজার মসজিদে আয়োজিত সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে তিন জনকে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘নৌকাবাইচের নামে একটা জুয়ার আসর বসানোর চেষ্টা হচ্ছে। এলাকার যুবকদের নৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করবে। এ আয়োজনে নদী ভাঙনও হয়। নদীর পাড় ভাঙে, রাস্তা ছোট হয়। ধর্মপ্রাণ মানুষজন এমন আয়োজন চান না। এ ছাড়া এ ধরনের আয়োজনে রাস্তায় যানজট দেখা দেয়। রোগীদের রাস্তা দিয়ে নেওয়া তখন কঠিন হয়ে পড়ে। এজন্য এটি বন্ধ রাখতে হবে।’

আরেকজন বক্তা বলেন, ‘এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধ করতেই নৌকাবাইচ বন্ধ রাখা উচিত। কয়েক বছর আগে এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে খুন হন এক নারী। মারামারি হয়, নৌকা ভাঙা হয়। এ কারণে ইউনিয়নবাসীর অনেক দুর্নাম হয়। একটা স্বার্থান্বেষী মহল নৌকাবাইচ সামনে এনে তাদের স্বার্থ হাসিল করতে চায়। নৌকাবাইচের মাধ্যমে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হন, তাদের চারাগাছ বিনষ্ট হয়। এ ছাড়া আয়োজন ঘিরে মারামারিরও আশঙ্কা আছে। তাই নৌকাবাইচ বন্ধ করা উচিত।’

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নৌকাবাইচ আয়োজন নিয়ে দুটি পক্ষের বিরোধ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কথা বলছি। বিষয়টি আমাদের নজরদারিতে আছে। ইউএনও এ নিয়ে কাজ করছেন। একটা সমাধান হবে।’

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চ্যালেঞ্জ’ নিয়েই মন্ত্রিত্বের যাত্রা শুরু শামীম কায়সার লিংকনের
‘চ্যালেঞ্জ’ নিয়েই মন্ত্রিত্বের যাত্রা শুরু শামীম কায়সার লিংকনের
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
বিজেপির ‘তৃণমূলীকরণ’ ঠেকানো বাস্তবে কতটা সম্ভব?
কী, কেন, কীভাবেবিজেপির ‘তৃণমূলীকরণ’ ঠেকানো বাস্তবে কতটা সম্ভব?
একদিনের অভিযান নয়, পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক
একদিনের অভিযান নয়, পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী