হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়েছে।
বুধবার (২ সেপটেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর বাজারের একটি ইনডোর ফুটবল মাঠে বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর এলাকার কয়েকজন যুবক খেলতে যান। খেলার এক পর্যায়ে পৃথক এলাকার দুই যুবকের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মিরপুর বাজারে জড়ো হন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। অন্ধকারের মধ্যে ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দেশি অস্ত্র ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া সংঘর্ষের সময় মিরপুর বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।
দোকান ভাঙচুরের প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, খেলা নিয়ে বিরোধ মাঠেই শেষ হওয়া উচিত ছিল। এভাবে প্রস্তুতি নিয়ে সংঘর্ষে জড়ানো এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর কোনোভাবেই ঠিক হয়নি।
খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বাহুবল মডেল থানার ওসি রুহুল আমীন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।









