হাম উপসর্গে সিলেটে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
রোববার (১১ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সুনামগঞ্জের এবং একজন সিলেটের। তাদের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাল আহমেদের ছয় মাস বয়সী ছেলে আরাব, সুনামগঞ্জের দিরাই উপজেলার সাইদুল আলমের এক বছর দুই মাস বয়সী মেয়ে ইবা আক্তার এবং জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বিভাগে হাম উপসর্গে মৃত ১৯০ জনের মধ্যে সিলেট জেলায় ৭৮ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-উপসর্গ নিয়ে ১৩০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৫।