শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। রাষ্ট্রপতি ও নব গঠিত বিশ্ববিদ্যালয়টির আচার্য মো. আবদুল হামিদ তাকে চার বছর মেয়াদের জন্য এ নিয়োগ দিয়েছেন। বুধবার (২৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগের শর্তে বলা হয়, তাকে চার বছর মেয়াদে নিয়োগ করা হলো। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এ নিয়োগ বাতিল করতে পারেন।
উপাচার্য পদে তিনি তার বর্তমান বেতনের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নেত্রকোণায় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন-২০১৮’ সংসদে পাস হয়েছে।








