আগামীকাল বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ে (জাবি) শুরু হচ্ছে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই: উচ্চশিক্ষা, নীতিমালা, কাঠামো’ শীর্ষক দুই দিনব্যাপী শিক্ষক কনভেনশন। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত এই শিক্ষক কনভেনশনে বাংলাদেশের উচ্চ শিক্ষার নানান সংকট, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় ‘বিশ্ববিদ্যালয়, সমাজ ও রাষ্ট্র’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাসেম ফজলুল হক, নাসিম আখতার হুসাইন, আনু মুহাম্মদ, গীতি আরা নাসরীন ও সাঈদ ফেরদৌস। এছাড়া ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন: কৌশলপত্র’, ‘১৯৭৩-এর অধ্যাদেশ ও বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন’, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে: প্রাইভেট ও ‘‘সরকারি’’ বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা’, ‘নিউলিবারেল রূপান্তরে বিশ্ববিদ্যালয়’, ‘পাঠদান ও গবেষণা’ এবং ‘ভর্তি, নিয়োগ ও প্রশাসন’ অধিবেশন ও কর্মশালা হবে।
বিভিন্ন অধিবেশন ও কর্মশালায় অংশ নেবেন আফসান চৌধুরী (ব্র্যাক বিশ্ব.), সলিমুল্লাহ খান (ইউল্যাব), কামরুল হাসান মামুন (ঢাবি), কাবেরী গায়েন (ঢাবি), তানজীমউদ্দীন খান (ঢাবি), একেএম শাহনেওয়াজ (জাবি), রায়হান রাইন (জাবি), আইনুন নাহার (জাবি), বখতিয়ার আহমদ (রাবি), সুমন রহমান (ইউল্যাব), অভিন্যু কিবরিয়া ইসলাম (যবিপ্রবি), নাসির আহমদ (জবি), অবন্তী হারুণ (ইউল্যাব), মাহমুদুল সুমন (জাবি), স্বাধীন সেন (জাবি), আ-আল মামুন (রাবি), ফাহিমা ফারাবী (জাবি), রুশাদ ফরিদী (ঢাবি), আর রাজী (চবি), মোহাম্মদ আজম (ঢাবি), কাজী ফরিদ (বাকৃবি), কাজী মারুফ (ঢাবি), মানস চৌধুরী (জাবি), ফাহমিদুল হক (ঢাবি), রায়হান শরীফ (জাবি), মির্জা তাসলিমা (জাবি), পারভীন জলি (জাবি), সামিনা লুৎফা (ঢাবি)।
অধিবেশনগুলো বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ও শুক্রবারে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে।






