প্রধানমন্ত্রীর আশ্বাসের পর লাগাতার কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষকরা। টানা ৯ দিন কর্মবিরতির পর বুধবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা নেওয়া শুরু করলেন তারা। এদিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও মুখর হয়েছে জবি ক্যাম্পাস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বুধবার বেলা ১১ টায় সাধারণ সভায় ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, 'আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।'
এদিকে বুধবার ক্লাস-পরীক্ষা শুরু হবে জেনে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাস শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে এসে পৌঁছে। আগের মতই বাসগুলোর দরজা পর্যন্ত ছিল শিক্ষার্থীদের ভীড়।
বুধবার সকাল থেকে বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি বিভাগেই ক্লাস হচ্ছে। কয়েকটি বিভাগে পূর্বঘোষিত মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষাও হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল হোসেন জানান, 'দীর্ঘ ৯ দিন পর ক্যাম্পাসে আসলাম। আবার আগের মত ক্লাস শুরু হবে, বেশ ভালোই লাগছে।'
এদিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, ভাস্কর্য চত্ত্বর, শহীদ মিনার চত্ত্বর, কাঠাল তলা, টিএসসিসহ অন্যান্য স্থানে ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি।
পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, এক সপ্তাহের বেশি সময় পর ক্লাসে ফিরে ভালো লাগছে, বাসায় বসে থেকে বিরক্ত লাগছিলো। তবে দুশ্চিন্তা এখনও আছে। কারণ শিক্ষকদের আন্দোলন তো পুরোদমে থামেনি। ৩ ফেব্রুয়ারি আবার সিদ্ধান্ত হবার কথা রয়েছে। জানিনা তখন কি সিদ্ধান্ত নেয় শিক্ষকরা।
এদিকে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ক্লাস শুরু হবার কথা ছিল গত ১৭ জানুয়ারি। কিন্তু শিক্ষকদের আন্দোলনের মুখে তা শুরু হতে পারেনি। বুধবার থেকে ক্যাম্পাস চালু হলেও সদ্য ভর্তি হওয়া এসকল শিক্ষার্থীদের ক্লাস কবে থেকে শুরু হবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রোকৌশলী মো. ওহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান। তিনি বলেন, সিদ্ধান্ত হলেই নোটিশ দেওয়া হবে।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রায় ঘণ্টাব্যাপী বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠক শেষে শিক্ষক নেতাদের সর্বসম্মতিতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
এর আগে সোমবার সন্ধ্যায় গণভবনে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন শিক্ষকরা। এ সময় প্রধানমন্ত্রী সমস্যা নিরসনের আশ্বাস দেন। শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যেতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
এরই পরিপ্রেক্ষিতে জবি শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরে আসলেন। আগের মতই পুরোদমে ক্লাস-পরীক্ষা নেবেন বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন।
তিনি বলেন, ‘দাবি পূরণে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এর অর্থ কর্মসূচি প্রত্যাহার নয়।’
/এনএস/








