দলীয় রাজনীতির নামে সহিংসতা, বিশৃঙ্খলা ও অরাজকতা চান না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, দলীয় রাজনীতি কিভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন সেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ্য থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনও সহিংসতা, বিশৃঙ্খলা বা অরাজকতা না হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের চেক বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাজনীতির আশ্রয় নিয়ে কেউ যেন অন্যায়ভাবে নেতিবাচক কিছু না করে। যদি ইতিবাচকতা থাকে আমার মনে হয় না সেখানে প্রতিষ্ঠানের দিক থেকে কোনও আপত্তি থাকার কথা। আমরা যে পর্যায়ের রাজনীতি করি রাজনীতিকে ইতিবাচক হতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিয়ে জাতীয় পর্যায়ে আলাপ আলোচনা চিন্তাভাবনার প্রয়োজন আছে। এটা সত্য রাজনীতিকে অপব্যবহারও করা হয়েছে নানা সময়ে। আমরা সেই অপব্যবহার চাই না। রাজনীতিকে নেতিবাচক হিসেবে ব্যবহার করা হোক সেটাও আমরা চাই না।
প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়। অনেক প্রতিষ্ঠানই তাদের ক্যাম্পাসে দলীয় রাজনীতি চলবে না বলে ঘোষণা দেয়।
শিক্ষামন্ত্রী বলেন, এবছর সিলেটসহ অন্যান্য অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের কারণে যথাসময়ে পরীক্ষা নেওয়ার পরিস্থিতি ছিল না। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল আশ্রয়কেন্দ্র। এখন আর সেই পরিস্থিতি নেই। সেগুলোকে পরীক্ষা উপযোগী করে গড়ে তোলা হয়েছে। ফলে সূচি অনুযায়ী পরীক্ষা হবে। রাজনৈতিক সহিংসতা হলে কী হবে প্রশ্নে তিনি বলেন, যারা রাজনীতি করেন তারা জাতীয় স্বার্থকে সমুন্নত রেখেই রাজনীতি করবেন বলে আমরা বিশ্বাস করি। যে রাজনৈতিক কর্মকাণ্ড দেশের পরবর্তী প্রজন্মের জীবনের বড় বড় পাবলিক পরীক্ষাগুলোকে অনিশ্চিত করে তুলতে পারে তেমন কাজ নিশ্চয়ই রাজনীতি নয়। আশা করি যারা রাজনীতি করেন তারা দায়িত্বশীল আচরণ করবে।








