অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এভাবে এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশিদিন চলতে পারবে না। বৃহস্পতিবার রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ২য় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সভাপতিত্ব করেন।
শিক্ষামন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত দেশ পরিচালনার জন্য পর্যাপ্ত-সংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ উচ্চশিক্ষিত নাগরিক আমরা সৃষ্টি করতে না পারব, ততদিন দেশ উন্নত হবে না। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। এগুলোর গুণগতমান অর্জনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্রছাত্রী সবাই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যত। কোনও ধরনের পার্থক্য না করে সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা ও সুবিধা নিশ্চিত করতে চায়।
সমাবর্তনে বিভিন্ন বিভাগ থেকে কোর্স সম্পন্নকারী ১,৫৩৬ জন শিক্ষার্থীকে সনদ এবং বিশেষ অবদানের জন্য ১১ স্নাতককে স্বর্ণপদক দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ্ আল মামুন বক্তব্য রাখেন।
/এনএস/এমএনএইচ/







