সাত কলেজের স্বাতন্ত্র্য বজায় রেখেই হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’  

এস এম আববাস 
১৫ জানুয়ারি ২০২৬, ২১:১১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২১:৩০

রাজধানী ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় এবং কলেজের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ থাকছে কিনা, তা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে দ্রুত গেজেট প্রকাশ করা হোক। এমন পরিস্থিতিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সাত কলেজের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখেই অধ্যাদেশটি চূড়ান্ত করা হচ্ছে। 

সংশোধিত খসড়ায় কী থাকছে? 

গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত খসড়া অধ্যাদেশের বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে নতুন খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত খসড়ায় পরিবর্তন আনায় অধ্যাদেশের গেজেট প্রকাশে দেরি হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশে বলা হয়েছিল, সাতটি কলেজ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের একেকটি আলাদা ক্যাম্পাস হিসেবে থাকবে। 

খসড়া অনুযায়ী, তিতুমীর কলেজের নাম হওয়ার কথা ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি তিতুমীর কলেজ। তবে সংশোধিত বর্তমান খসড়ায় কলেজগুলোর নাম এভাবে থাকছে না। সাতটি কলেজ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত কলেজ হিসেবেই বিবেচিত হবে। তবে কলেজগুলোর বৈশিষ্ট্য, অবকাঠামো, সম্পত্তি ও অন্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আদলেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হবে রাজধানী ঢাকায়। 

দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতোই ভর্তি পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসেও ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি হওয়ার পাশাপাশি সংযুক্ত কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অথবা সংযুক্ত কলেজের যেকোনও একটিতে ভর্তি হতে হবে। 

বিশ্ববিদ্যালয় ও কলেজ দুই পদ্ধতিই থাকবে 

সেপ্টেম্বরে প্রকাশিত বিশ্ববিদ্যালটির খসড়া অধ্যাদেশে বলা হয়েছিল, একেক ক্যাম্পাসে পড়ানো হবে একেক বিষয়। সাতটি ক্যাম্পাসকে চারটি স্কুলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করা হবে। এগুলোর নাম দেওয়া হয়েছিল—স্কুল অব সায়েন্সেস, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিস। ডেটা সায়েন্স, ফরেনসিক সায়েন্স, জার্নালিজম, ফিল্ম স্টাডিজ, ক্রিমিনোলজি, ইন্টারন্যাশনাল পলিটিক্সসহ সাত কলেজে বর্তমানে নেই এমন অনেক বিষয় পাঠদানের প্রস্তাব দেওয়া হয়েছিল সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে। এ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ছিল চরম অসন্তোষ। 

এবার সংশোধন খসড়ায় এভাবে চারটি স্কুলভিত্তিক কোনও নাম রাখা হয়নি। সংশোধন খসড়ায় এবার বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, চিকিৎসা, চারুকলা এবং বিধি দ্বারা নির্ধারিত অন্য অনুষদ অন্তর্ভুক্ত থাকবে।

এবার হাইব্রিড নয়

অ্যাকাডেমিক কার্যক্রমের ব্যাপারে খসড়ায় বলা হয়েছিল, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান পদ্ধতি হবে হাইব্রিড মোডে। সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস ভার্চুয়াল পদ্ধতিতে নেওয়া যাবে। আর পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশের ব্যাপারে মতামত জানতে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল পদ্ধতিতে পাঠদান করা হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়। তবে সংশোধিত খসড়ায় ভার্চুয়াল মোডে পাঠদান নিয়ে কিছু বলা হয়নি। 

ইডেন ও বদরুন্নেসায় ভর্তির সুযোগ পাবেন নারী শিক্ষার্থীরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পাঠদান করা হবে শুধু ছাত্রীদের। তবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত এসব কলেজে পড়াশোনার সুযোগ থাকছে না ছাত্রদের।

শিক্ষার্থীদের অসন্তোষ ও আন্দোলন 

অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়ায় এবং সেপ্টেম্বর মাসের খসড়ায় প্রকাশিত কিছু বিতর্কিত নিয়মের কারণে তিতুমীর, ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন। তাদের দাবি, দ্রুত গেজেট প্রকাশ করে সাত কলেজের স্বাতন্ত্র্য নিশ্চিত করতে হবে। শিক্ষা ক্যাডার কর্মকর্তারাও শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, কারণ আগের মডেলে ক্যাডার পদ কমে যাওয়ার ঝুঁকি ছিল। 

কর্তৃপক্ষের বক্তব্য 

অন্তর্বর্তী সরকারের সময়ে গেজেট প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা থাকলেও প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আইন তৈরি রাতারাতি সম্ভব হয় না। তবে এতে শিক্ষার্থীদের কোনও সমস্যা নেই। শিক্ষার্থীরা চান—সাত কলেজের স্বাতন্ত্র্য বজায় রেখে  দ্রুত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হোক। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বাংলা ট্রিবিউনকে বলেন, “কলেজগুলোর স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখেই অধ্যাদেশ চূড়ান্ত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। শিক্ষক ও শিক্ষার্থী সবার স্বার্থই বিবেচনায় নিয়ে খসড়া করা হয়েছে।” এছাড়া আন্দোলন কর্মসূচির মাধ্যমে জনমানুষের না বাড়িয়ে, এসব কর্মসূচি এড়িয়ে চলা উচিত বলেও জানান তিনি।   

যে সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করা হচ্ছে, সেগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

/এসএমএ/এপিএইচ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন শুরু ১০ জুন
ইডেন কলেজে রাজনীতি বন্ধে ‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু