চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশে। এবার আগের বছরে তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। পাসের হারের সঙ্গে সঙ্গে কমেছে শতভাগ পাস করেছে, এমন শিক্ষা প্রতিষ্ঠানও। এবছর মোট প্রতিষ্ঠানের ২ দশমিক ২ শতাংশে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৩০ হাজার ৪০২টি। এর মধ্যে ৬৬৯টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। গতবার শতভাগ পাস করে এমন প্রতিষ্ঠান ছিল ৯৮৪টি।
এবছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যেখানে গতবছর পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।