পরীক্ষকের দায়িত্বে থেকে নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। একইসঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পরীক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে তার ছাত্রদের দিয়ে তা মূল্যায়ন করাচ্ছেন। পরে জানা গেছে, ২০২৬ সালের আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও মো. নাসির উদ্দিন একইভাবে দায়িত্ব পালন করেছেন।
বিষয়টি নজরে আসার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মাধবদী থানায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা করেন।
এদিকে উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে বোর্ডের যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়।









