শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এতে কক্সবাজার জেলার ৯টি কলেজের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শুধু শ্রেণিকক্ষের পাঠদান যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।”
তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার ইতিবাচক মানসিকতা তৈরি করে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির লক্ষ্য অনুযায়ী শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও প্রাণবন্ত শিক্ষার পরিবেশ তৈরিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ।”
উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর বিপুলসংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। তাদের মেধা ও প্রতিভা বিকাশে বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। শিক্ষার্থীদের সুস্থ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা হবে।”
তিনি আরও বলেন, “খেলার মাঠ শিক্ষার্থীদের জয়-পরাজয়কে ইতিবাচকভাবে গ্রহণ করতে শেখায়। নিয়ম মেনে চলা, প্রতিপক্ষকে সম্মান করা এবং দলগতভাবে কাজ করার শিক্ষাও খেলাধুলার মাধ্যমে অর্জন করা সম্ভব।”
দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে কক্সবাজার জেলার ৯টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রতিযোগিতার উদ্বোধন শেষে উপাচার্য কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান ল্যাব পরিদর্শন করেন এবং ল্যাবের আধুনিকায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. অহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









