বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে ‘ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রাথমিকভাবে অ্যাকাডেমি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলছে। ইতিমধ্যে দুই-তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। শিগগিরই একটি স্থান চূড়ান্ত করা হবে।

রবিবার (৪ অক্টোবর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত ও একাডেমিক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার গুণগত মান অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা, গবেষণার সক্ষমতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও অ্যাকাডেমিক নেতৃত্বের ওপর। তাই শিক্ষক প্রশিক্ষণকে বিচ্ছিন্ন বা স্বল্পমেয়াদি কার্যক্রম হিসেবে না দেখে সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা প্রয়োজন।’

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষায়িত জাতীয় অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত অ্যাকাডেমিতে শুধু নবীন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে না, উপাচার্য, উপ-উপাচার্য, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বে থাকা ব্যক্তিদের জন্যও প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’

অ্যাকাডেমি প্রতিষ্ঠার জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘সম্ভাব্য স্থান চূড়ান্ত হওয়ার পর মাস্টারপ্ল্যানের ভিত্তিতে অবকাঠামো উন্নয়নসহ পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এটিকে আধুনিক ও কার্যকর প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সেখানে শিক্ষকরা শিক্ষাদান, গবেষণা, একাডেমিক নেতৃত্ব, গুণগত মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিকীকরণ ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনার বিষয়ে যুগোপযোগী প্রশিক্ষণের পাশাপাশি দেশ-বিদেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।’

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব  অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও জাতীয় উচ্চশিক্ষার সামগ্রিক উন্নয়নের স্বার্থে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় আরও বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অ্যাকাডেমিক নেতৃত্বকে একই প্রশিক্ষণ প্ল্যাটফর্মে যুক্ত করা হলে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন ধারণা, উদ্ভাবনী উদ্যোগ এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে।’

উচ্চশিক্ষার মানোন্নয়ন শুধু অবকাঠামো বা কারিকুলাম উন্নয়নের মাধ্যমে সম্ভব নয় উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘দক্ষ, দায়িত্বশীল ও আধুনিক শিক্ষাদর্শনে অভ্যস্ত শিক্ষক তৈরি করাও এর অন্যতম পূর্বশর্ত। এ কারণে শিক্ষক উন্নয়নকে উচ্চশিক্ষার সামগ্রিক গুণগত মান নিশ্চিতকরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে ইউজিসি।’

সভাপতির বক্তব্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রস্তাবিত ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা প্রয়োজন। দ্রুত অ্যাকাডেমিটির কার্যক্রম শুরু হবে।’

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মেজবাহ-উল-ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. জহির রায়হান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ ইউজিসি, হিট প্রকল্প ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সপ্তম ও অষ্টম ব্যাচে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষাদান পদ্ধতি, গবেষণা, কোর্স কারিকুলাম, অ্যাকাডেমিক ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা উন্নয়নসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
বিশ্ব শিক্ষক দিবস আজ
১০১ জন শিক্ষককে সম্মাননা দেবে সরকার
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
সর্বশেষ খবর
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের