শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত হতে হবে। নিজেদের ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করতে শিক্ষার্থীদের এখন থেকেই সেভাবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দল’-এর সদস্যরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে গত ৪ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল অংশগ্রহণ করে। বিশ্বের ৯৫টি দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেন। বাংলাদেশ দল একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ ও একটি সম্মানসূচক পদক অর্জন করে।
সাক্ষাৎকালে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। এ জন্য শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, বরং সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সম্পৃক্ত করতে হবে।’
বাংলাদেশ দল ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে এ সময় প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।