ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

ঢাবি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১৫:১৬ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:১৬

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির আবেদনের সুযোগ দিতে সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। তাকে অনুরোধ করবো, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে; যাতে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পায়।

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাসের হার ছিল ৫২ শতাংশ। ফল পুনর্নিরীক্ষণের কার্যক্রম ৭ নভেম্বর শুরু হয়েছে, যা ২৩ নভেম্বর শেষ হবে। ওই সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তার বিশ্বাস, এতে আরও অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তিত হবে।

শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।

তিনি বলেন, এত বড় সংখ্যায় ফল পরিবর্তনের বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা করতে বলা হবে। পাশাপাশি পরীক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আগে প্রচলিত ১৯৮০ সালের আইনে পরীক্ষার খাতা নতুন করে মূল্যায়নের সুযোগ ছিল না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম ও কারসাজির বিভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, খাতার ভেতরে নম্বর পরিবর্তন কিংবা খাতা বদলে দেওয়ার মতো ঘটনা ঘটলেও তা শনাক্ত করা কঠিন ছিল। এসব অভিজ্ঞতার ভিত্তিতে এবার ১৯৮০ সালের আইন সংশোধনের মাধ্যমে খাতা নতুন করে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ পরীক্ষার দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে।

তবে পুনরায় পরীক্ষার ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আটকে রাখা যাবে না বলে জানান তিনি।

সেশনজট দূর করার তাগিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, চার বছরের কোর্স শেষ করতে তার আট বছরেরও বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে আর কোনও শিক্ষার্থীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেশনজট দূর করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একটি চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ করতে হবে। কোনোভাবেই এর বেশি সময় নেওয়া উচিত নয়। বেশি সময় লাগলে সেটি প্রশাসনের ব্যর্থতা।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় নষ্ট হওয়ার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে উচ্চমাধ্যমিক শেষ করার কথা। কিন্তু বিভিন্ন প্রশাসনিক জটিলতায় অনেক ক্ষেত্রে এসএসসি পাস করতে ১৭ বছর এবং উচ্চমাধ্যমিক শেষ করতে প্রায় ২০ বছর বয়স হয়ে যাচ্ছে। এতে একজন শিক্ষার্থীর জীবন থেকে প্রায় দুই বছর নষ্ট হচ্ছে।

তিনি বলেন, ২০ লাখ শিক্ষার্থীর প্রত্যেকের দুই বছর করে সময় নষ্ট হলে দেশের জনমিতিক লভ্যাংশ থেকে ৪০ লাখ শিক্ষার্থী-বর্ষ হারাতে হয়। এই ক্ষতির দায় কার? এ কারণে শিক্ষাবর্ষ ও শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম নির্দিষ্ট সময়সূচির মধ্যে সম্পন্ন করা জরুরি।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এক মাসের মধ্যে পরীক্ষা শেষ করে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। একইভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

তিনি দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার অনুরোধ জানান। শিক্ষার্থী ও অভিভাবকদের সময়ের মূল্য বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অযথা সময় নষ্ট করা যাবে না।

রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অনুষ্ঠানে রাসায়নিক গুদাম ও বিভিন্ন স্থাপনায় নিরাপত্তার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। নিমতলীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা স্মরণ করে তিনি বলেন, দুর্ঘটনার পর সবাই উদ্বিগ্ন হয়, কিছুদিন আলোচনা করে। কিন্তু দুর্ঘটনা ঘটার আগেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয় না।

এ বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে কোনও সমস্যা বা করণীয় থাকলে তাকে জানানোর অনুরোধ করে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠক ও জাতীয় সংসদেও আলোচনা করার সুযোগ তার রয়েছে।

উল্লেখ্য, ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং সংগঠনটির আজীবন সদস্য।

/আরকে/
সম্পর্কিত
বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচলে বিধিনিষেধ
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, বলার দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
ফরিদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় ভর্তি ৪৪ জন
ফরিদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় ভর্তি ৪৪ জন
নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান
নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান
প্রথমবারের মতো একসঙ্গে বসছেন ট্রাম্প-শি-পুতিন, কী নিয়ে হবে আলোচনা?
প্রথমবারের মতো একসঙ্গে বসছেন ট্রাম্প-শি-পুতিন, কী নিয়ে হবে আলোচনা?
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড