কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

রক্তিম দাশ, কলকাতা
২৬ এপ্রিল ২০২২, ০০:৫৬আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১১:৩৮

শুরু হলো ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো এই উৎসবের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। হাজির ছিল প্রায় গোটা টলিউড। এ বছর সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তি। সেই উপলক্ষে গান ও নাচের মধ্য দিয়ে বিশেষ সম্মান জানানো হয় তাকে।

বাংলা সিনেমার জয়জয়কার বিশ্বজুড়ে। কোনও অংশেই কম নয় টলিউডের ছবি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এলো বাংলা সিনেমার গৌরবের কথাই। তার কথায়, ‘বাংলা সিনেমা জৌলুস হারায়নি। বাংলা চলচ্চিত্র বিশ্ব সেরা। তবে একটাই বিষয় আমরা তেমন ব্র্যান্ডিং পাই না।’

বলিউডের প্রসঙ্গ তুলে এদিন মমতা জানান, ‘বলিউডের অনেক অর্থ রয়েছে। অনেকেই বলিউডের সিনেমা অর্থ লগ্নি করে। বাংলায় এটা খুবই কম হয়। প্রচুর মানুষ সিনেমা দেখে, প্রচুর মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও অর্থনীতি তৈরি হয়। শুধু সিনেমা কেন, টেলি ধারাবাহিকও অর্থনীতিকে এগিয়ে দিচ্ছে। কত মানুষ দেখছে, কত মানুষ আনন্দ পাচ্ছে। শত্রুঘ্নকে অনুরোধ করব, বলিউডের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে।’

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা এবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডাকতে ভুলে গিয়েছিলাম। তবে পরের বছর ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হবে, সেখানে ফিল্ম এবং টেলিভিশন সেক্টরকে ডাকা হবে। সেখানে অনেক মউ (সমঝোতা চুক্তি) স্বাক্ষর হতে পারে।’

চলচ্চিত্র উৎসব চলবে ১ মে পর্যন্ত। উৎসবে থাকবে মোট ২০০টি শো। নন্দনের তিনটি, নজরুল তীর্থের দু’টি প্রেক্ষাগৃহ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও ওকাকুরা ভবনে শো দেখানো হবে। গতবছর ছিল সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জানকসোর জন্ম শতবর্ষ। ত্রয়ীকে বিশেষ শ্রদ্ধা জানাতে তালিকায় রাখা হয়েছে তাদের তৈরি সিনেমা এবং তথ্যচিত্র। দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ারকেও বিশেষ সম্মান জানাতে তাদের অভিনীত সিনেমাও থাকছে।

/এমএস/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস
রক্ত-গুলির বদলে প্রেম, ‘টক্সিক’-এ ‘কেজিএফ’খ্যাত যশের নতুন রূপ
রক্ত-গুলির বদলে প্রেম, ‘টক্সিক’-এ ‘কেজিএফ’খ্যাত যশের নতুন রূপ
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
ভক্তদের এআই কাণ্ডে বিরক্ত কনকচাঁপা, বললেন ‘এভাবে চললে ফেসবুক ছাড়ব’
ভক্তদের এআই কাণ্ডে বিরক্ত কনকচাঁপা, বললেন ‘এভাবে চললে ফেসবুক ছাড়ব’
‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-এর কিংবদন্তি কণ্ঠ বনি টাইলার আর নেই
‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-এর কিংবদন্তি কণ্ঠ বনি টাইলার আর নেই