ঈদের দ্বিতীয় সপ্তাহ: অবাক করলো ‘সুড়ঙ্গ’ আর ‘প্রহেলিকা’!

কামরুল ইসলাম
০৭ জুলাই ২০২৩, ১৪:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৬:৩০

মুক্তির আগে ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিবেশক অনন্য মামুন বলেছিলেন, দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা দেখলে সবাই চমকে যাবেন। মুক্তির পর সেই আঁচ টের পাওয়া যাচ্ছিল। হলে হলে হাউজফুল, কোথাও আবার মধ্যরাতে শো; এমন অসামান্য সাড়া দেখে প্রায় সবার ধারণা ছিল, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়বে আফরান নিশোর। কিন্তু ঘটলো পুরো উল্টো!

শুক্রবার (৭ জুলাই) নতুন সপ্তাহে ‘সুড়ঙ্গ’র হলসংখ্যা তো বাড়েনি, সঙ্গে কমেছে মাল্টিপ্লেক্সে শো সংখ্যা! প্রথম সপ্তাহে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় ১৮টি শো দিয়ে শুরু হয় ছবিটির যাত্রা। তবে একদিন পরই তা দর্শক চাপে একলাফে ৩৩-এ চলে যায়। যেন দুদিনেই আগুন ধরিয়ে দিলেন নির্মাতা রায়হান রাফী! সেভাবেই চলেছে ৬ জুলাই পর্যন্ত। তবে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে (৭ জুলাই) জানা গেলো, আলোচিত ছবিটির চলমান ৬টি শো কমে গেছে! 

সংশ্লিষ্টদের হাউজফুল বন্দনার মধ্যেও দ্বিতীয় সপ্তাহে এসেই এই হ্রাসমান সংখ্যা বিস্ময়কর বটে!

একই বিস্ময় ঘটালো মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’। দুই ভক্তসমৃদ্ধ তারকা শাকিব খান ও আফরান নিশোর চাপে অনেকটাই মান বাঁচানোর প্রক্রিয়ার মধ্যে যাচ্ছিলেন গুণী অভিনেতা মাহফুজ আহমেদ। প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় মাত্র ১০টি শো পেয়েছিল চয়নিকা চৌধুরীর সিনেমাটি। বিস্ময়কর তথ্য, ‘সুড়ঙ্গ’র শো কমলেও দ্বিতীয় সপ্তাহে ‘প্রহেলিকা’র শো বেড়েছে। 

সূত্র বলছে, শো কিংবা হলসংখ্যা কমার কারণে ‘সুড়ঙ্গ’ টিম চুপ করে আছে। নতুন সপ্তাহের হল তালিকা প্রকাশ করছে না। বিষয়টি জানার জন্য ছবির নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করে বাংলা ট্রিবিউন। তবে তিনি বললেন, ‘আমি আসলে এটা জানি না। জেনে আপনাকে জানাচ্ছি।’ কিন্তু পরে আর তার কাছ থেকে কোনও খবর পাওয়া যায়নি। 

এছাড়া ছবিটির পরিবেশক অনন্য মামুনের সঙ্গেও খুদেবার্তায় যোগাযোগ করা হয়। তিনি জানান, দেশের বাইরে থাকায় তিনি এ বিষয়ে কোনও তথ্য দিতে পারছেন না। অবশ্য আজই (৭ জুলাই) অস্ট্রেলিয়ায় ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছে। তবে সেখানে বিচ্ছিন্নভাবে ৭, ৯ ও ১৬ জুলাই আটটি শো প্রদর্শিত হবে ছবিটির। যেটাকে আনুষ্ঠানিক মুক্তি বলা যায় না। 

অন্যদিকে স্টার সিনেপ্লেক্সে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’র শো বেড়েছে প্রায় দ্বিগুণ! প্রথম সপ্তাহে শাকিব অভিনীত সিনেমাটি সিনেপ্লেক্সের চারটি শাখায় দৈনিক মাত্র আটটি শো পেয়েছিল। শুক্রবার (৭ জুলাই) থেকে তাদের সাতটি শাখায় প্রতিদিন ১৭টি শো প্রদর্শিত হচ্ছে ছবিটির।

আজই (৭ জুলাই) যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। সে বিষয়টি জানিয়ে নির্মাতা হিমেল আশরাফ বললেন, ‘শুক্রবার (৭ জুলাই) থেকে বিশ্বব্যাপী মোট ১৫০ হলে চলছে ‘প্রিয়তমা’। বাংলাদেশে ১০৮ (দ্বিতীয় সপ্তাহ), যুক্তরাষ্ট্রে ৩৭ এবং কানাডায় ৫টি হলে সগৌরবে চলছে ছবিটি।”

ঈদ মাতানো তিন নায়কের ভিন্ন লুক প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল ১০৫টি হলে। সেই হিসেবে দ্বিতীয় সপ্তাহে দেশে ছবিটির হল বেড়েছে মাত্র তিনটি, আর বিদেশে যুক্ত হয়েছে ৪২টি।
  
মাহফুজ আহমেদের ফেরা ও নায়িকা বুবলীর সুবাদে মুক্তির আগে আলোচনায় আসে ‘প্রহেলিকা’ সিনেমাটি। তবে হল সংখ্যায় পিছিয়ে ছিল শাকিব খান ও আফরান নিশোর দাপটে। মাত্র ৮টি হলে মুক্তি পায় ‘প্রহেলিকা’। তবে দ্বিতীয় সপ্তাহে ছবিটি তার শক্তি কিছুটা প্রমাণ করলো। এর নির্মাতা জানালেন, আজ (৭ জুলাই) থেকে ৯টি প্রেক্ষাগৃহে চলবে ‘প্রহেলিকা’। সেই সঙ্গে প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্সে দৈনিক ১৫টি শো প্রদর্শিত হলেও এখন সেটা বেড়ে ২১টিতে দাঁড়িয়েছে।
 
ঈদের অন্য দুটি সিনেমার মধ্যে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’র দুটি হল কমেছে এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’র বহরে দুটি প্রেক্ষাগৃহ যুক্ত হয়েছে বলে জানা গেছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি