সংখ্যা ও মানের বিচারে এবারের ঈদ বেশ ব্যতিক্রম। এবার সংখ্যার বিচারে মাত্র ৫টি সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। তবে মানের বিচারে অন্য যে কোনও ঈদের চেয়ে ব্যতিক্রম। এক কথায় প্রায় সবগুলো সিনেমাই মানসম্পন্ন গল্পনির্ভর সিনেমা।
তবে মিল রয়েছে নায়ক শাসিত পরিস্থিতিতে। যথারীতি শাকিব খান রয়েছেন, সঙ্গে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, মোশাররফ করিম, সিয়াম আহমেদের শক্ত উপস্থিতিও রয়েছে। যদিও অনেকেই বলছেন, এবারের মতো একঝাঁক নায়িকার উজ্জ্বল উপস্থিতি, নিকট অতীতে আর ঘটেনি। এই আয়োজনে তাদের অভিমতই খোঁজার চেষ্টা ছিলো।
এরমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়া সিনেমাগুলো হলো–রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’।
এরমধ্যে নায়িকা-বিচারে সবচেয়ে বড় চমক দিচ্ছেন সময়ের সবচেয়ে সফল নির্মাতা রায়হান রাফী। তার নির্মিত ‘প্রেশার কুকার’ মূলত নায়িকাপ্রধান। রয়েছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। চার নায়িকাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প, যা বাংলা সিনেমার ইতিহাসে অন্যরকম আকর্ষণ হয়ে ধরা দিয়েছে।
সিনেমাটি নিয়ে তুষি বলেন, ‘গল্পটা আলাদা। এরমধ্যে যে হুইসেল (টিজার) প্রকাশ হয়েছে তা দেখে কিছুটা আন্দাজ করা গেছে। এমন গল্প খুব একটা তৈরি হয়নি। নারীকে উপজীব্য করে এমন গল্প নির্মাণ সাহসী পদক্ষেপ। সেই গল্পে আমিও আছি।’
বুবলী বললেন, ‘গল্পই এখানে আসল শক্তি। এমন একটি গল্প ঈদে দর্শকদের জন্য উপহার হিসেবে দিচ্ছেন নির্মাতা রায়হান রাফী। আমার বিশ্বাস সিনেমাটি দর্শক দারুণভাবে উপভোগ করবেন।’
অন্যদিকে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটিও থাকছে আলোচনায়। কাজাখস্তান ও দেশের বিভিন্ন স্থানে শুটিং হওয়া এই সিনেমায় নায়িকা হিসেবে আছেন পূজা চেরী। নতুন গল্প ও চরিত্রে তার উপস্থিতি নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা। সিনেমাবোদ্ধারা বলছেন ‘দম’ হতে পারে পূজার কামব্যাক সিনেমা।
পূজা নিজেও বললেন তেমনটা, ‘এই সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে, এটা আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এতদিনের কাজের পরও এমন চিত্রনাট্য ও চরিত্র আগে পাইনি। এটা আমার জন্য একেবারে নতুন চ্যালেঞ্জ ছিল। এটি আমার পুনর্জন্মের সিনেমা।’
এতে পূজার বিপরীতে আছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।
এদিকে ঈদের বড় আকর্ষণের একটি হতে যাচ্ছে ‘প্রিন্স’। শাকিব খান-এর বিপরীতে এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় আরও থাকছেন ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ফলে দেশ-বিদেশের সংমিশ্রণে ‘প্রিন্স’ পাচ্ছে ভিন্নমাত্রা।
তাসনিয়া ফারিণ বলেন, ‘দর্শক দেখুক, কেমন করেছি সেটা তাদের থেকেই জানব। আমি শুধু দর্শকের মতামতের অপেক্ষায় থাকছি। নিজে আগাম কিছু বলছি না।’
এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা আরেকটি সিনেমা ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদ-এর বিপরীতে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সেই হিসেবে এবারের ঈদে দুইজন ভারতীয় নায়িকার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়া, সাবিলা নূরও থাকছেন এবারের ঈদের পর্দায়। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চিত্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো হুমায়ূন আহমেদের গল্পে বড়পর্দার নায়িকা হিসেবে হাজির হচ্ছেন সাবিলা নূর, যা তার ক্যারিয়ারে একটি নতুন সংযোজন।
সাবিলা বলেন, ‘এই সিনেমা আমার জন্য বড় প্রাপ্তি। নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি। চরিত্রটি আমার দারুণ পছন্দের। এই চরিত্র হয়ে উঠতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমি। এতে এত এত গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ আমার জন্য অনেক বড় অর্জন।’
‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা ছাড়াও আছেন আরেক আলোচিত নায়িকা আজমেরী হক বাঁধন। তার ভাষায়, ‘পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে সিনেমাটি দেখতে আসবেন বলে আমরা বিশ্বাস করি।’
এতে পুরুষ চরিত্রে আছেন তিন দারুণ অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরীফুল রাজ।
এবারের ঈদে ছবির গল্প, নির্মাণ ও কাস্টিং দেখে এটুকু আগাম অনুমেয়, পাল্লা দিয়ে দর্শক টানবার জন্য প্রস্তুত নায়িকারা।







