বছরের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ। এই সময়টাতে সাধারণত আলোচনার কেন্দ্রে থাকে সিনেমার গান। কিন্তু এবারের ঈদে দেখা গেল ভিন্ন চিত্র। মুক্তিপ্রাপ্ত একাধিক আলোচিত সিনেমার গান দর্শকের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে। বিপরীতে সব আলো যেন কেড়ে নিয়েছে একটি নাটকের গান। নাম তার ‘আগুন’!
সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের বিশেষ নাটক ‘গোলাপি’র এই গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটিক ভিডিও নির্মাণ, প্রেমময় কথা, আকর্ষণীয় সুর ও চোখ ধাঁধানো পারফরমেন্স; সব মিলিয়ে ‘আগুন’ হয়ে উঠেছে এবারের ঈদের অন্যতম আলোচিত গান।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা, যেখানে পারফর্ম করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ‘গোলাপি’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
গানটির সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। তিনি বলেন, “আমরা ‘আগুন’ গানটা আলাদা করে কোনও ‘হিট’ করার পরিকল্পনা নিয়ে বানাইনি। গল্পের প্রয়োজন থেকেই গানটি করা। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছে, সেটা সত্যিই অবাক করার মতো। এখন তো মনে হচ্ছে, গানটা নিজের মতো করেই পথ খুঁজে নিয়েছে।”
গানটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু মনে করেন, ভালো কনটেন্ট থাকলে মাধ্যম কোনও বাধা নয়।
তার ভাষায়, ‘আমরা সব সময় চেষ্টা করি মানসম্মত কাজ করতে। ‘আগুন’ সেই ধারাবাহিকতারই একটি অংশ। এখন দর্শক প্ল্যাটফর্ম দেখে না, তারা ভালো কনটেন্ট খোঁজে। এই গানটি প্রমাণ করেছে নাটকের গান হলেও সেটি সিনেমার গানকেও ছাড়িয়ে যেতে পারে।’
আগুন:
মান ও বৈচিত্র্যের বিচারে এবারের সিনেমার গানগুলো প্রশংসিত হলেও ভিউ বা জনপ্রিয়তার বিচারে হতাশ করেছে পুরো ইন্ডাস্ট্রিকে। কারণ প্রচলিত রয়েছে, গান হিট তো সিনেমা হিট!







