তরুণরা অনেক কষ্ট করে, তাদের আসলে প্ল্যাটফর্ম নেই: ফাতেমা তুজ জোহরা

রুদ্র হক
২৩ মে ২০২৬, ২০:০০আপডেট : ২৪ মে ২০২৬, ১০:২১

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতার ভালোবাসা পেয়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এক ধরনের নিঃসঙ্গতা আর আড়ালে পড়ে যাওয়ার বেদনাও গ্রাস করেছিল তাকে। সেই সময়েই এলো নজরুল পুরস্কারের স্বীকৃতি। যেন নতুন করে ফিরে পেলেন নিজের অস্তিত্বের অনুভব। আগামীকাল নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সংগীত, তরুণ প্রজন্ম, শিল্পচর্চার সংকট ও নিজের অভিমান নিয়ে খোলামেলা কথা বলেছেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পেলেন, কেমন লাগছে?
নতুন করে জীবন খুঁজে পাচ্ছি। অনেক মন খারাপ ছিল। পুরস্কারটি পেয়ে ঠিক আনন্দ বলব না, তবে ভীষণ ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে, এত ডামাডোলের ভেতর আমাকেও কেউ কেউ চেনে।

মন খারাপ কেন ছিল?
মনে হচ্ছিল আমি কোথাও নেই। কেউ আমাকে চিনবে না, কেউ জানবে না। কাজ করার, পথ চলার জন্য একটা উৎসাহ লাগে। সেটা পাচ্ছিলাম না। এই পুরস্কার আমাকে অবাক করেছে। এখন মনে হচ্ছে, না, আমি আছি—হারিয়ে যাইনি।

কী করে সময় কাটছে আপনার?
আমি তো এখনো গান করি। আমার চার বছরের একটা নাতি আছে, তার সঙ্গে সময় কাটে।

নতুন কোনো গান কি আসছে?
না, কে করবে? এখন তো কোনো কোম্পানি সিডি করে না, গান করতে বলে না। কোথায় গাইব? আমার তো ফেসবুক পেজও নেই যে গান গেয়ে প্রকাশ করব। গান হয় না, গান করারও জায়গা পাই না।

কোনো ইউটিউব চ্যানেল আছে আপনার?
হ্যাঁ, আছে। সেখানে আমার গানগুলো একসঙ্গে রাখার পরিকল্পনা আছে। কিন্তু ‘মরে গেলেই শেষ’—এমনটা মনে হলে আর কিছু করতে ইচ্ছে করে না।

ডামাডোলের কথা বলছিলেন, একটু বিস্তারিত বলবেন?
এখন তো সবাই সব জয় করে নেওয়ার চেষ্টা করছে। কিছু একটা তৈরি করেই সঙ্গে সঙ্গে তার কৃতিত্ব নেওয়ার চেষ্টা। এসব দেখে দুঃখ হয়।

আগামীকাল নজরুল জয়ন্তীতে কোথাও গাইছেন?
শিল্পকলায় গাইব, চ্যানেল আইতে তার আগের দিন গাইব। আরও কিছু জায়গা থেকে আমন্ত্রণ আসছে। কোথায় গাইব, এখনও ঠিক করিনি।

নজরুলসংগীত চর্চায় আপনাদের মতো অগ্রজদের দায় কতটা বলে মনে করেন?
আসলে আমরা তো চাই। কিন্তু সে আয়োজনটা তো কাউকে করে দিতে হবে—সরকার হোক, বেসরকারি উদ্যোগে হোক। তরুণদের সঙ্গে যে সেতুটা তৈরি করে দিতে হয়, সেটা কেউ করছে না। আমি চাই, এ পক্ষ আর ওই পক্ষের মাঝে কেউ সেতুবন্ধন তৈরি করে দিক।

তরুণদের কেমন দেখছেন?
তরুণরা অনেক কষ্ট করে। তাদের আসলে প্ল্যাটফর্ম নেই। যেসব বাচ্চারা গান গাইতে ভালোবাসে, তাদের দেখি অনেক দূর থেকে গাইতে আসে। গান শেখে, যাদের নজরুলের গানের নেশা আছে। শিখতে চায়, বুঝতে চায়। কিন্তু কোথায় গাইবে?

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন