গ্ল্যামারাস লুক ও সাম্প্রতিক নানা আলোচনা-সমালোচনার ঊর্ধ্বে উঠে হঠাৎ করেই এক ভিন্ন আবহে ধরা দিলেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পরিবারকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন।
মক্কা ও মদিনার পবিত্র ভূমি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তাঁর একের পর এক পোস্ট ও ছবিতে এখন প্রকাশ পাচ্ছে গভীর আধ্যাত্মিক অনুভূতি এবং আত্মিক প্রশান্তির মুহূর্ত।
পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে ভাবনা তাঁর প্রথম দর্শনের অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, সেখানে প্রথমবার কাবা দেখার মুহূর্তে তাঁর চারপাশের সব শব্দই যেন হারিয়ে গিয়েছিল; এক গভীর প্রশান্তি ও কৃতজ্ঞতার অনুভূতি তাঁকে আচ্ছন্ন করেছিল।
মসজিদুল হারাম থেকে জুমা দিবসে দেওয়া আরেকটি পোস্টে এই অভিনেত্রী বলেন, পবিত্র কাবার নূর ও এই বিশেষ দিনের বরকত মানুষের জীবনে অনাবিল শান্তি ও প্রশান্তি এনে দেয়। ওমরাহ পালনের অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন—তাওয়াফের প্রতিটি পদক্ষেপ তাঁকে মহান আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে এবং তাঁর কাছে জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হলো এই আধ্যাত্মিক সংযোগ।
পরিবারের সঙ্গে মক্কায় অবস্থানের দিনগুলোতে ভাবনা জানান, সিজদার প্রশান্তি পৃথিবীর অন্য যেকোনো অনুভূতির চেয়ে আলাদা এবং এই পবিত্র স্থানে আসতে পারা তাঁর জন্য এক বিশাল সৌভাগ্য। ধৈর্য, অপেক্ষা ও দোয়ার প্রতিটি মুহূর্ত যে একদিন অর্থবহ হয়ে উঠবে, সেই বিশ্বাসের কথাও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। মক্কা শেষে মদিনায় পৌঁছে তিনি নবীজির (সা.) শহরের শান্ত পরিবেশ ও আধ্যাত্মিক আবহের প্রশংসা করেন।
অভিনেত্রীর এই পরিবর্তনশীল ও মননশীল উপস্থিতিকে ঘিরে তাঁর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরাও তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন।
আধ্যাত্মিকতার এই আবহের আগেই বড়পর্দায় নতুন করে বেশ সক্রিয় দেখা গিয়েছিল ভাবনাকে। পরিচালক ওয়ালিদ আহমেদের নতুন চলচ্চিত্র ‘ঢাকা ১২০৫’-এ নবাগত অভিনেতা রাকিব হোসেনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। ঢাকার নগরজীবনের বাস্তবতা ও আবেগের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটির কাজ এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। চলচ্চিত্রটির বর্তমান অবস্থা নিয়ে ভাবনা বাংলা ট্রিবিউনকে জানান, শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি, একটি গান ও কিছু ডাবিংয়ের কাজ বাকি রয়েছে।
গ্ল্যামারের দুনিয়ার জাঁকজমক থেকে একদম ভিন্ন রূপে ওমরাহ পালনে যাওয়া ভাবনার এই রূপ এখন বিনোদনপাড়ায় নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। অতীতে বিনোদন দুনিয়ায় অনেকেই আধ্যাত্মিকতায় ডুবে একদম আড়ালে চলে গেছেন, চিরতরে ছেড়ে দিয়েছেন গ্ল্যামারের জগত কিংবা অভিনয়ের চেনা আঙিনা—এমন উদাহরণ দেশ-বিদেশে রয়েছে অনেক। ভাবনাও কি শেষ পর্যন্ত সেই পথেই হাঁটবেন?
ওমরাহ শেষ করে এই আধ্যাত্মিক আবেশ সঙ্গে নিয়ে তিনি কি ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরবেন, নাকি তাঁর ক্যারিয়ারের গল্পে আসতে চলেছে একদম নতুন কোনো মোড়—এমন নানা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তাঁর ভক্ত-অনুরাগীদের মনে।





