বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের দাম্পত্য জীবনের ১৪ বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনটি উপলক্ষে একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।
ছবিগুলোতে উঠে এসেছে তাদের প্রেমের দিনগুলো, পারিবারিক ছুটি কাটানোর স্মৃতি এবং দুই সন্তান তৈমুর ও জেহর সঙ্গে কাটানো আনন্দঘন সময়।
বিবাহবার্ষিকীতে সংক্ষিপ্ত অথচ ভালোবাসায় ভরা বার্তায় কারিনা লিখেছেন, ‘আরও একটি বছর সূর্যের চারপাশে... সামনে পড়ে আছে অনন্ত পথচলা।’ ইংরেজিতে তার বার্তাটি ছিল, ‘Another year around the sun… Forever to go।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন কারিনা। এদিকে স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সাইফ আলী খানও কয়েকটি ছবি শেয়ার করেছেন। মজার ছলে তিনি লিখেছেন, ‘প্রায় নিখুঁত, কিন্তু কিছু একটা যেন নেই... এই তো, এবার একদম নিখুঁত! শুভ বিবাহবার্ষিকী, ভালোবাসা।’
সাইফের এই বার্তার সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি ও শ্যাম্পেনের গ্লাসের প্রতীক। দম্পতির এই মিষ্টি খুনসুটি ভক্তদের কাছেও বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।
কারিনা কাপুর ও সাইফ আলী খানের প্রেমের সম্পর্কের সূচনা হয় ২০০৮ সালে ‘টশন’ সিনেমার শুটিংয়ের সময়। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠ হন তারা। প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
ব্যক্তিগত পরিসরে তাদের বিয়ের নিবন্ধন অনুষ্ঠানটি ছিল। সাইফের বান্দ্রার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করেন তারা। এর মধ্যে ছিল সংগীত, নিকাহ ও বিবাহোত্তর সংবর্ধনা।
বিবাহবার্ষিকীর আনন্দের মধ্যেই নতুন খবর সামনে এসেছে এই তারকা দম্পতিকে ঘিরে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম মৌসুমে একসঙ্গে দেখা যাবে সাইফ ও কারিনাকে। কমেডি অনুষ্ঠানটিতে এটিই তাদের প্রথম যৌথ উপস্থিতি। আগামী ১৭ অক্টোবর নেটফ্লিক্সে পর্বটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা প্রায় ১৪ বছর বিবাহিত জীবন কাটানোর পরও দুজনকে তরুণ দেখানোর বিষয়টি নিয়ে প্রশংসা করেন।
মোদি বিরোধী পোস্ট, ইমরান খানকে ১৫ লাখ রুপির প্রস্তাব!