বিশ্বজুড়ে তারকাদের ডিপফেক, বিকৃত ভিডিও এবং পরিচয়ের অপব্যবহারের ঘটনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। তার মুখ ও অবয়ব ব্যবহার করে এআই নির্মিত কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এআই নির্মিত কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান নেহা।
সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে নেহা লেখেন, ‘আমার সম্মতি ছাড়া যে কেউ আমার মুখ বা অবয়ব ব্যবহার করে এ আই-নির্মিত ভিডিও বা ছবি তৈরি করছেন, তাদের স্পষ্টভাবে সতর্ক করা হচ্ছে—অবিলম্বে এসব বন্ধ করুন।’
তিনি আরও বলেন, ইতিমধ্যে এ ধরনের যে সমস্ত কনটেন্ট প্রকাশ করা হয়েছে, সেগুলি সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি, তার পরিচয় ব্যবহার করে নতুন করে কোনও এ আই-নির্মিত ভিডিও বা ছবি তৈরি, সম্পাদনা কিংবা ছড়িয়ে দেওয়া থেকেও বিরত থাকতে হবে।
নেহার কথায়, তার মুখ ব্যবহার করে তাকে ভুলভাবে উপস্থাপন করা বা তার সুনাম নষ্ট করার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
নিজের অবস্থান আরও স্পষ্ট করে নেহা জানান, তার মুখ বা অবয়বের অননুমোদিত ব্যবহার তিনি কোনওভাবেই মেনে নেবেন না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটিকে আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করুন। যারা এ ধরনের কনটেন্ট তৈরি, পোস্ট বা প্রচার করছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেবো।’
অভিনেত্রীর আরও বক্তব্য, ভুয়া অ্যাকাউন্টের আড়ালে লুকিয়ে থাকলে কিংবা এআই ব্যবহার করলেই যে কেউ দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারবেন, এমনটা ভাবার কোনও কারণ নেই।
পোস্টের শেষে তার স্পষ্ট বার্তা—‘এখনই এই কনটেন্ট সরিয়ে ফেলুন। আপনাদের সতর্ক করা হয়েছে।’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’