নেলসন দিলীপকুমারের পরিচালনায় রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে। ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘জেলার’-এর এই সিকুয়েল দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে আয়েও দারুণ সাফল্য দেখিয়েছে।
তবে এখনও আগের সিনেমা ‘জেলার’-এর আয়কে ছাড়িয়ে যেতে পারেনি ‘জেলার ২’। কিন্তু মুক্তির প্রথম সপ্তাহের শেষে এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় চতুর্থ স্থান দখল করেছে।
মাত্র এক সপ্তাহেই মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’ এবং লোকেশ কানাগরাজের ‘কুলি’র মতো সিনেমার আজীবন আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে ছবিটি। একই সঙ্গে ২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে উঠেছে ‘জেলার ২’।
বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ‘জেলার ২’ ভারতে নিট আয় করেছে ৩১৭ কোটি ২০ লাখ রুপি। দেশটিতে সিনেমাটির মোট আয় ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি। এর সঙ্গে বিদেশের বাজার থেকে আসা ২০৫ কোটি রুপি যোগ করলে মুক্তির প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি।
এ আয় দিয়ে অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর ২০ দিনের সংগ্রহকেও ছাড়িয়ে গেছে সিনেমাটি। ছবিটি এখন পর্যন্ত প্রায় ৫৬০ কোটি রুপি আয় করেছে। ফলে ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘জেলার ২’।
২০২৬ সালের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলো হলো- ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (১,৮১৩ কোটি রুপি), জেলার ২ (৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি), দৃশ্যম: দ্য কনক্লুশন (৫৬০ কোটি রুপি), হনুমান অংশ (৪৫১ কোটি রুপি), বর্ডার ২ (৪৫০ কোটি রুপি)।
নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ প্রযোজনা করেছেন সান পিকচার্সের ব্যানারে কালানিধি মারান। সিনেমাটিতে আগের ছবির চরিত্রে আবারও অভিনয় করেছেন রজনীকান্ত, রম্যা কৃষ্ণান, মির্না ও ঋত্বিক। নতুন করে অভিনয়শিল্পীদের দলে যুক্ত হয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান।
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি