নায়ক-নায়িকার আসন বিন্যাস

আহমেদ জামান শিমুল
৩১ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৭
image

মান্নার অকাল প্রস্থানের পর থেকে এখনও ঢালিউড শাসকের মুকুট বহন করছেন শাকিব খান। ২০১৩-১৪ সালে শাকিবের একক শাসন ব্যবস্থায় খানিক হানা দেন বাপ্পি। কাছাকাছি সময়ে বাপ্পির পাশাপাশি একই রূপে পাওয়া যায় আরিফিন শুভকেও। এদিকে অপু বিশ্বাস শাকিব খানের কাঁধে ভর করে টিকে ছিলেন শুরু থেকেই। গেল দুবছরে অস্থির শাকিবের পাশে স্থির থাকা হলো না তারও। কারণ একই সময়ে অপুকে প্রথম ধাক্কা দেন মাহিয়া মাহি। পরে সে ধাক্কায় সামিল হন ববিও। ২০১৫ শেষে দেখে নেওয়া যাক, বছর বিচারে নায়ক-নায়িকার আসন বিন্যাসে কে কোথায় বসে আছেন। বছরের সেরা নায়ক-নায়িকা  

শাসক মঞ্চে একই মুখ
এ বছরও এক নাম্বার স্থানটি ধরে রেখেছেন শাকিব খান। ‘এইতো প্রেম’, ‘দুই পৃথিবী’, ‘লাভ ম্যারেজ’, ‘আরো ভালোবাসবো তোমায়’ এবং ‘রাজা বাবু’ মোট পাঁচটি ছবি মুক্তি পায় তার। এগুলোর মধ্যে ‘রাজা বাবু’ ও ‘লাভ ম্যারেজ’ ব্যতীত কোনও ছবিই ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারেনি। তবে ‘এইতো প্রেম’ ও ‘আরো ভালোবাসবো তোমায়’তে শাকিবের অভিনয় প্রশংসিত হয়েছে। এ বছর তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিক হচ্ছে ‘সম্রাট’, ‘মেন্টাল’ ও ‘রাজনীতি’র মত বেশকিছু তরুণ নির্মাতার ছবিতে অভিনয় করেছেন। যা কিনা তাকে এ বছরেও (২০১৬) টিকিয়ে রাখবে শাসক মঞ্চে, বহালতবিয়তে। বছর শেষে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ঢালিউড শাসক শাকিব খান

দুজনকে টপকালেন একজন
শাকিব খানের পরে গত দুবছর ধরে অবস্থান বিচারে দ্বিতীয় স্থান নিয়ে ভালোই প্রতিযোগিতা চলছিল বাপ্পি-সাইমনের মধ্যে। তবে একই সময়ে সম্ভাবনার আলো ছিল শুভর দিকেও। কিন্তু এ বছর মাত্র দুটি ছবি দিয়ে বাপ্পি-সাইমনকে টপকে গেলেন আরিফিন শুভ। ছবি দুটি- ‘ওয়ার্নিং’ ও ‘ছুঁয়ে দিলে মন’। বাপ্পির ‘গুন্ডা-দ্য টেরোরিস্ট’, ‘লাভার নাম্বার ওয়ান’ ও ‘আজব প্রেম’ তিনটি ছবিই ব্যবসায়িকভাবে সফলতা পায়নি। গতানুগতিক গল্প ও নির্মাণের কারণে ছবিগুলো মার খায়।

এদিকে ‘পোড়ামন’র পরে একটা ভাল অবস্থানে যাবার কথা ছিল সাইমনের। কিন্তু দুই বছরেও পারলেন না তিনি। তবে গেল বছর তার মুক্তি পাওয়া ‘ব্ল্যাকমানি’, ‘চুপি চুপি প্রেম’ ছবি পুঁজি ফেরত না পেলেও মোটামুটি ব্যবসা করে। অন্যদিকে ‘অ্যাকশন জেসমিন’ ভয়াবহ আকারে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়। তাই তার অবস্থান ক্রমশ তলানির দিকেই গেছে।

অন্যদিকে শুভর ‘ছুঁয়ে দিলে মন’র গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। অভিনয়েও বেশ প্রশংসা কুড়ান তিনি। একই সঙ্গে ছবিটি হল থেকেও প্রায় ৮০ লাখ টাকা আয় করে। ‘ওয়ার্নিং’-এর আয়ও ছিল কোটির ঘরে। প্রশংশিত মিলন, সাইমন-বাপ্পিকে টপকালেন শুভ

ব্যর্থ হয়েও প্রশংশিত
ব্যবসায়িক সফলতা না পেলেও একক নায়ক হিসেবে গেল বছর অনেকটাই আলোচিত ছিলেন টিভি অভিনেতা আনিসুর রহমান মিলন। বলা যায় আরিফিন শুভ’র পর এ বছর একমাত্র তারই অবস্থান আগের চেয়ে উপরে উঠেছে। ‘ভালোবাসার গল্প’ ও ‘লালচর’ ছবিগুলোতে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকরা। তবে এ দুটোর মত তার বড় বাজেটের ছবি ‘ব্ল্যাকমেইল’ও ব্যবসা করতে পারেনি।

তৃতীয় আসনে রদবদল
ছবির সংখ্যায় নায়িকাদের মাঝে এগিয়ে ছিলেন পরীমনি। আবার সংখ্যায় পিছিয়ে থেকেও বছর শেষে তিনটি ছবি নিয়ে ভাল অবস্থানে অপু বিশ্বাস। তার ‘লাভ ম্যারেজ’ ও ‘রাজা বাবু’ দুই ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে ব্যবসাসফল ছবি। অন্যদিকে ‘দুই পৃথিবী’ ছবিটি অসময়ে মুক্তির কারণে খুব একটা সফলতা পায়নি। তবে তার পুরো সফলতা শাকিব খান নির্ভর, এটাও বাস্তবতা।

এ বছর চারটি ছবি মুক্তি পেয়েছে মাহির- ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘বিগ ব্রাদার’, ‘ওয়ার্নিং’ এবং ‘অগ্নি-টু’। এরমধ্যে ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘অগ্নি-টু’ আয়ের অংকে কোটির ঘর ছাড়ালেও অপু বিশ্বাসের ছবির আয়কে ছাড়াতে পারেনি একটিও। তবে সবমিলিয়ে তার অবস্থানের খুব একটা হেরফের হয়নি।

বছরের সেরা চার নায়িকা

‘ব্ল্যাকমেইল’ ও ‘অ্যাকশন জেসমিন’, ‘রাজা বাবু’ ও ‘আরো ভালোবাসবো তোমায়’ হচ্ছে ববির সদ্য বিদায়ী গেল বছরের মুক্তিপ্রাপ্ত ছবি। তার আগের বছর (২০১৪) নায়িকা হিসেবে দুই নম্বর অবস্থানে থাকলেও গেল বছর কিছুটা অবনতিই হয়েছে এ নায়িকার। কারণ, ‘রাজা বাবু’ ছাড়া বাকি সব স্পষ্ট ফ্লপ। তাও ‘রাজা বাবু’র সফলতার পুরোটা শাকিব-অপু ভাগ করে নিয়েছেন। এছাড়া ‘আরও ভালোবাসবো তোমায়’-এ তো তিনি অতিথি শিল্পী।

এদিকে মিমের ‘পদ্ম পাতার জল’ প্রশংসিত হলেও ব্যবসায় সুবিধা করতে পারেনি। তবে দুই বাংলার ‘ব্ল্যাক’ মোটামুটি ভাল ব্যবসা করেছে। এছাড়া ‘সুইটহার্ট’সহ বেশকিছু বাণিজ্যিক ঘরানার ছবিতে তিনি অভিনয় করেছেন এ বছর। ছবিগুলোর সংবাদে সারাবছর বেশ আলোচিত ছিলেন মীম।

সোজা ভাষায়, ১২ মাসের পরিক্রমায় নায়িকা দৌড়ে প্রথম দুই আসনে অপরিবর্তিত আছেন যথাক্রমে অপু বিশ্বাস এবং মাহি। আর তৃতীয় আসন রদবদল হয়েছে ববির সঙ্গে মিমের।

/জেডএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর