অসুস্থ হয়ে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভাইরাসজনিত জটিলতায় ভুগছেন অভিনেত্রী।
তার অসুস্থতার খবর নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইমরান হাসো। সোমবার (১৩ অক্টোবর) তিনি এবং অভিনেত্রী সূচনা সিকদার কল্পনাকে দেখতে যান।
হাসো জানান, দুই সপ্তাহ হাসপাতালে ভর্তি আছেন খালেদা আক্তার কল্পনা আন্টি। প্রথমদিকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। টানা ৪-৫ দিন কথা বলতে পারেননি। তবে এখন আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
হাসো বলেন, ‘আমাদের দেখে তিনি অনেক খুশি হয়েছেন। শিল্পীরা শুধু সহকর্মী নন, তারা একে অপরের পরিবারেরও অংশ। সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে থাকাই আমাদের দায়িত্ব ও ভালোবাসার বন্ধন। সেই ভালোবাসা থেকেই আন্টিকে দেখতে গিয়েছি।’
একটা সময় নিয়মিত সিনেমায় অভিনয় করতেন খালেদা আক্তার কল্পনা। রুবেল, মান্না, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ থেকে শুরু করে নব্বই দশকের প্রায় সব তারকার মায়ের চরিত্রে দেখা গেছে তাকে।
শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি