সিনেমা ইতিহাসে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মুকুট আবারও ফিরে পেল মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তির পর জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে ২০১৯ সালের এই সুপারহিরো সিনেমাটি।
নতুন করে মুক্তির পর বিশ্বব্যাপী ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মোট আয় দাঁড়িয়েছে ২ দশমিক ৯২৫ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, পাঁচ দফা পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘অ্যাভাটার এর মোট আয় ২ দশমিক ৯২৩ বিলিয়ন ডলার।
অর্থাৎ মাত্র প্রায় ২০ লাখ ডলারের ব্যবধানে ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলেছে ‘এন্ডগেম’।
গত কয়েক বছরে দুই সিনেমাই একাধিকবার বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে। নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তিই মূলত দুই সিনেমাকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের দৌড়ে টিকিয়ে রেখেছে।
২০০৯ সালে মুক্তির পর প্রায় এক দশক ধরে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার রেকর্ড নিজের দখলে রেখেছিল ‘অ্যাভাটার’। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ প্রথমবার প্রেক্ষাগৃহে মুক্তির সময় ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সেই রেকর্ড দখল করে নেয়।
তবে গল্প সেখানেই শেষ হয়নি। ২০২১ সালে ‘অ্যাভাটার’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে সিনেমাটির সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তির প্রস্তুতি চলছিল। পুনর্মুক্তির আয় যোগ হয়ে ‘অ্যাভাটার’ আবারও ‘এন্ডগেম’-কে ছাড়িয়ে যায়।
এবার পাঁচ বছর পর ফের রেকর্ড ফিরে পেল মার্ভেলের সুপারহিরোরা। ডিজনির সর্বশেষ পুনর্মুক্তি থেকে পাওয়া আয় যোগ হওয়ায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ আবারও ‘অ্যাভাটার’-কে ছাড়িয়ে গেছে।
২০১৯ সালে প্রথমবারের মতো বক্স অফিসের রাজত্ব দখল করেছিল ‘এন্ডগেম’। ২০২১ সালে ‘অ্যাভাটার’ পুনরায় প্রেক্ষাগৃহে ফিরে আসায় দ্বিতীয় স্থানে নেমে যায় সিনেমাটি। পাঁচ বছর পর আবারও শীর্ষস্থান ফিরে পেল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারহিরো দল ‘অ্যাভেঞ্জার্স’।
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে