যুক্তরাষ্ট্রের মঞ্চে শনিবার (৮ আগস্ট) নতুন পরিচয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক অভিনেতা থেকে তাকে গায়ক হিসেবে মঞ্চে দেখতে মুখিয়ে আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকেরা।
নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। দুই ঘণ্টার এই আয়োজন শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ডলার ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা।
আয়োজকদের ভাষ্য, আসনসংখ্যা সীমিত। অপূর্বর কনসার্টের পোস্টারে উল্লেখ করা হয়েছে, এটি হবে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’—অর্থাৎ স্মরণীয় একটি সংগীত সন্ধ্যা।
একক সংগীত প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘‘অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় গান গেয়েছি। অনেক ঘরোয়া আয়োজনেও গান গাইতে হয়েছে। আমার অভিনীত বেশ কয়েকটি নাটকে আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই আয়োজনে পরিপূর্ণ সম্মান দিয়ে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করবো। মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাইবো।’’
ছোটবেলায় স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন। সেই সময় গানেরও চর্চা করতেন। একসময় চেয়েছিলেন গান করতে। কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে আসে অভিনয়ের জগতে। এরপর দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। জীবনে যেমন পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা, তেমনি ব্যক্তিগত জীবনে পেরিয়েছেন কঠিন সময়ও। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন।

কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে



