একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে অভিনয়শিল্পীর দক্ষতার পাশাপাশি পরিচালকের দৃষ্টিভঙ্গিও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী তমা মির্জা। ‘আমলনামা’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে পেয়ে পরিচালক রায়হান রাফীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি। রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাফীর সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের এই অনুভূতির কথা প্রকাশ করেন তমা।
২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড-এ সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। ‘আমলনামা’য় অভিনয়ের জন্য পাওয়া এই বিশেষ স্বীকৃতিতে অত্যন্ত আনন্দিত এই অভিনেত্রী সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রায়হান রাফীকে। তমার মতে, পরিচালকের সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গিই চরিত্রটিকে পর্দায় এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সহায়তা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত। আমার আন্তরিক কৃতজ্ঞতা পরিচালক রায়হান রাফীর প্রতি, যার সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গি ‘আমলনামা’য় আমার চরিত্রটিকে এত সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে।
পরিচালকের প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেন, আমার ওপর আস্থা রাখা, চরিত্রটি নিয়ে কাজ করার স্বাধীনতা দেওয়া এবং এই ইন্ডাস্ট্রিতে আমার পথচলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতি এবং ‘আমলনামা’ টিমের প্রত্যেক সদস্যের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই অর্জন সবসময় আমার হৃদয়ে বিশেষ একটি জায়গা দখল করে থাকবে।
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান