ভারতের সরকারি হাসপাতালের চিকিৎসকদের অবসরের বয়সসীমা বাড়ানো ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার উত্তর প্রদেশের সাহারানপুরের এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিজের দুই বছর পূর্তি উপলক্ষে এ জনসভায় ভাষণ দেন নরেন্দ্র মোদি।
মোদি বলেন, দেশের চিকিৎসকের সংকট রয়েছে। বিভিন্ন রাজ্যে তাদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২। কিন্তু চিকিৎসকদের কাছ থেকে যাতে মানুষ দীর্ঘদিন ধরে সেবা পায় সেজন্য তাদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬৫ করা হবে। এ সময় তিনি জনগণের প্রতি এনডিএ জোট সরকারের প্রতিটি পদক্ষেপ ঈগল পাখির চোখের মত খতিয়ে দেখার আহ্বান জানান।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি সেকেন্ড এবং প্রতিটি রুপির জন্য জবাবদিহিতা করা উচিত।
জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে মোদি প্রশ্ন করেন, ‘গত দুই বছরে আমার সরকারের সম্পর্কে কোন দুর্নীতির অভিযোগ আপনারা শুনেছেন কি? পত্রিকাগুলো বড় বড় ব্যক্তিদের সম্পর্কে আর্থিক কেলেঙ্কারির প্রতিবেদন ছাপিয়েছে। কেউ আমার সরকারের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি।’
তিনি বলেন, প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। আগামী দিনে উন্নয়নকে সামনে রেখেই যে তার দল সামনে এগিয়ে যাবে। কারণ উন্নয়নই পারে দেশের ভাগ্য বদলাতে।
জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন, কংগ্রেস ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। সমভূমিতে তাদের আর অস্তিত্ব নেই বললেই চলে, পাহাড়ি অঞ্চলে যা অবশিষ্ট আছে তাও ক্রমেই অদৃশ্য হয়ে যাবে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/








