ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের ৩৮ বিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের বিরেুদ্ধে প্রস্তাব পাসে যুক্তরাষ্ট্রের ভূমিকার পর তেল আবিব-ওয়াশিংটন দ্বন্দ্ব চরমে ওঠায় এমন আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান প্রকাশিত এক খবরে বলা হয়েছে, চতুর্থ মেয়াদে এ চুক্তি নবায়নে ডানপন্থী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এমনিতেই সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে যন্ত্রণাদায়ক পরাজয়ের মুখোমুখি হচ্ছেন নেতানিয়াহু। এমন চিন্তা এরইমধ্যে অনেক ইসরায়েলির মনে গেঁথে গেছে। তারা মনে করছেন, তাদের দেশ এবং ফিলিস্তিনের প্রতি তাদের নীতি দুনিয়াজুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছে।
এমন বাস্তবতায় নিজের সমর্থকদের জড়ো করতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাদের কাছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বসতি স্থাপনবিরোধী প্রস্তাবকে পুরো জেরুজালেমের ওপর ইসরায়েলের দাবিকৃত সার্বভৌমত্বকে একটা চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করতে চান তিনি। তবে সবকিছু মিলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মিসর তাদের প্রস্তাব প্রত্যাহারের পর নতুন করে চার দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের প্রস্তাব তোলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে এটি পাস হয়। ভোটদানে বিরত থাকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। সচরাচর ইসরায়েলবিরোধী যে কোনও প্রস্তাবেই ভেটো দিয়ে থাকে ওয়াশিংটন। তবে এদিন আর সে পথে হাঁটেনি ওবামা প্রশাসন। এটাকে ব্যাপকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বসতি স্থাপন পরিকল্পনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা’র বিচ্ছেদ হিসেবে দেখা হয়।
ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক বসতি স্থাপন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না। ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হলেও তা ব্যর্থ হয়। সূত্র: বিবিসি, ফক্স নিউজ, আনাদোলু এজেন্সি, আল জাজিরা।
/বিএ/







