ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর নির্বাচনে মুসলিম প্রার্থী আনিস রশিদ বাসওয়েদান জয় লাভ করতে যাচ্ছেন বলে বুথফেরত জরিপে উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বুধবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ধর্মীয় বিভাজনের রেখা স্পষ্ট হয়েছে। নির্বাচনে আনিস জয়ী হলে, তিনিই হবেন প্রথম গভর্নর প্রার্থী, যিনি ধর্মীয় সহিষ্ণুতার জন্য পরিচিত ইন্দোনেশিয়ায় ধর্মকে কেন্দ্র করে প্রচারণা চালিয়ে জয়ী হবেন।
তবে ইনডিকেটর পলিটিক পরিচালিত বুথ ফেরত জরিপে সাবেক শিক্ষামন্ত্রী আনিস পেয়েছেন ৫৮ শতাংশ ভোট। আর আহোক পেয়েছেন ৪২ শতাংশ ভোট। অন্যান্য বিথফেরত জরিপেও একই রকম ফলাফল দেখা যায়।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল মে মাসের প্রথমদিকে প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
বুথ ফেরত জরিপে আনিসের বিশাল ভোটে এগিয়ে থাকাটা অনেকের কাছে অবাক লাগতে পারে। সর্বশেষ জনমত জরিপে আগেই জানা যায়, এবারের নির্বাচনে বাসুকি জাহাজা পুরনামা ওরফে আহোক এবং আনিস রশিদ বাসওয়েদানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফেব্রুয়ারিতে প্রথম পর্বের নির্বাচনে আহোক জয়ী হলেও ভোটের পার্থক্য খুব বেশি ছিল না।
বর্তমান গভর্নর আহোকের বিরুদ্ধে যখন ব্লাসফেমি আইনে মামলা চলছে, তখন এ নির্বাচন হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার জাতীয় রাজনীতিতে আরও বেশি তাৎপর্যপূর্ণ।
কর্মকর্তারা জানিয়েছেন, জাকার্তায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিবিসির ইন্দোনেশীয় সম্পাদক রেবেকা হেনশকে জানিয়েছেন, যেসব ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কা রয়েছে, সেসব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে উত্তেজনা থাকলেও ইন্দোনেশিয়ার রাজধানীতে এখন উৎসবের আমেজ রয়েছে।
বুধবার সকালে গভর্নর বাসুকি সপরিবারে ভোট দিয়েছেন। কট্টরপন্থী দল ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের নেতা রিজিক শিহাবও সকালে ভোট দিয়েছেন।
গত নভেম্বরে আহোকের বিরুদ্ধে অভিযোগ উঠে, গভর্নর নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকালে তিনি কোরআন অবমাননা করেছেন। এ অভিযোগের কথা সামনে আসার পর মুসলিম অধ্যুষিত দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। আহোকের বিরুদ্ধে প্রচারণায় নেতৃত্ব দিচ্ছে ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট।
উল্লেখ্য, আহোক একজন চীনা বংশোদ্ভূত খ্রিস্টান। গত ৫০ বছরে তিনিই জাকার্তার প্রথম অমুসলিম গভর্নর। তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও সংস্কার কার্যক্রমের জন্য তিনি খুবই জনপ্রিয়। সাবেক গভর্নর জোকো উইডোডো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন আহোক।
/এসএ/







