লন্ডনের হামলায় ব্যবহারের জন্য একটি সাড়ে সাত টন ভরবাহী লরি ভাড়া করার পরিকল্পনা ছিল সন্তেহভাজন হামলাকারীদের। সেখানকার পুলিশের সন্ত্রাস-বিরোধী ইউনিটের প্রধান কমান্ডার ডিন হেইডন শুক্রবার এ কথা জানিয়েছেন।
৮ জুন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নির্বাচনি প্রচারণার মধ্যেই স্থানীয় সময় ৩ জুন (শনিবার) মধ্যরাতে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলা হয়। লন্ডন ব্রিজে পথচারীদের উপর গাড়ি তুলে দিয়ে এবং পার্শ্ববর্তী বোরো মার্কেটে ছুরি দিয়ে ওই হামলা চালানো হয়। হামলায় ৮ জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়। আর পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়।
এরইমধ্যে হামলাকারীদের পরিচয় প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায়ও স্বীকার করা হয়েছে। তদন্তকারীদের মতে, ট্রাক ভাড়া করতে পারলে নিহতের সংখ্যা আরো অনেক বেশি হতো। এক সংবাদ সম্মেলনে হেইডন বলেন, ‘সাড়ে সাত টনি একটি লরি তাদের হাতে থাকলে এর ফলাফল আরো ভয়াবহ হতে পারতো।’
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করলেও হেইডন জানিয়েছেন, ‘আমরা বিস্তৃত কোনো নেটওয়ার্কের খোঁজ করছি না।’ হামলাকারী তিনজন কীভাবে একত্র হল তদন্তকারী কর্মকর্তারা তা খুঁজে বের করার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, “ভিন্ন ভিন্ন এলাকা থেকে আসা এসব লোক একে অপরকে চিনল কেমন করে?”
ওইদিন সকালে বাট (যাকে হামলকারী দলটির প্রধান বলে মনে করা হচ্ছে) সাড়ে সাত টন একটি ট্রাক ভাড়া করার চেষ্টা করেছিল, কিন্তু পরে অর্থ পরিশোধ না করার কারণে ট্রাকটি ভাড়া নিতে পারেনি। কিন্তু কেন অর্থ পরিশোধ করেনি, তা পরিষ্কার হয়নি। এ ধরনের ভারী যান চালানোর মতো ছাড়পত্র হয়তো তার ছিল না বা এমন কোনো ঘটনা থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
/বিএ/আপ-এমপি/








