রাশিয়ার কাছ থেকে ৩৯ হাজার কোটি রুপি ব্যয়ে পাঁচটি আকাশ প্রতিরক্ষার মিসাইল এস-৪০০ কিনতে চূড়ান্ত আলোচনা শুরু করেছে ভারত। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ভারত ২০১৮-১৯ অর্থবছরেই এই চুক্তি চূড়ান্ত করতে চায় তারা। আর তা হলে পরবর্তী ২৪ থেকে ৫৪ মাসের মধ্যে এসব অস্ত্র ও আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ শেষ হবে। ৩০ কিলোমিটার উঁচু দিয়ে এই মিসাইল সর্বোচ্চ চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
চলতি মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভারত সফরের আগে তাদের সঙ্গে ৫০ কোটি ডলারের অস্ত্র কেনার চুক্তি বাতিল করে ভারত। পরে ওই সফরের সময়ে তাদের মধ্যে ৭ কোটি ডলারের অস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এস-৪০০ মধ্য পাল্লার ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম। চুক্তি চূড়ান্ত হওয়ার পরবর্তী ৫৪ মাসের মধ্যে এসব মিসাইল ভারতের বহরে যোগ হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই সূত্রটির দাবি বহুমুখী ব্যবহার উপযোগী মিসাইলটি বহরে যুক্ত হলে এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই পাল্টে যাবে।
সহজে বহনযোগ্য এই মিসাইলটি যুদ্ধের সময় শহর রক্ষার কাজেও ব্যবহার করা যাবে। এছাড়া পাকিস্তানের স্বল্প পাল্লার পারমাণবিক মিসাইল নসরকেও নিষ্ক্রিয় করতে পারবে তা।
রাশিয়ার কাছ থেকে আগেও অস্ত্র কিনেছে ভারত।তবে এই চুক্তি স্বাক্ষর হলে এটাই হবে রাশিয়ার সঙ্গে তাদের অন্যতম বড় চুক্তি। এর আগে এক হাজার ২০০ কোটি ডলার দিয়ে যুদ্ধ বিমান ও যুদ্ধজাহাজ বিক্রমাদিত্য কিনেছিলো ভারত। তাছাড়া দুইশো কোটি ডলার ব্যয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার মিগ-২৯কে কিনেছিলো তারা।








