করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা ২০০২-০৩ সালে বিশ্বজুড়ে সার্স মহামারিতে হতাহতের সংখ্যা ছাড়িয়ে গেছে। সরকারি হিসেবে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশেই মারা গেছে ৭৮০ জন। এছাড়া দেশটিতে মারা গেছে মোট ৮১১ জন। বিশ্বের ২৪টিরও বেশি দেশে সার্স ভাইরাসে মারা যায় ৭৭৪ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অন্তত ২৫টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। চীনের মূল ভূখন্ডের বাইরে এতে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক জন ও হংকংয়ে অপর একজনের মৃত্যু হয়েছে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার আটশোরও বেশি মানুষ। এর বেশিরভাগই চীনের বাসিন্দা। রবিবার চীনের স্বাস্থ্য কমিশনের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, হুবেই প্রদেশে নতুন করে ৮১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে হংকং। এর আওতায় চীনের মূল ভূ-খণ্ড থেকে আগত যেকোনও ব্যক্তিকে দুই সপ্তাহ কোয়ারিন্টাইনে রাখা হবে। পর্যটকদের তাদের হোটেল কক্ষে নিজেদের আবদ্ধ করে রাখতে হবে অথবা সরকার পরিচালিত কেন্দ্রগুলোতে যেতে হবে। আর চীন থেকে ফেরা হংকংয়ের বাসিন্দাদের এই সময়ের মধ্যে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের জেল ও জরিমানার শাস্তির মুখে পড়তে হবে।







